Stock news
দুই বছর ডিভিডেন্ড বন্ধ, এমডির বিদেশ সফরে ৩৬ লাখ টাকা ব্যয়!
শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক টানা দুই বছর শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দিতে পারেনি। এমন পরিস্থিতিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিউল হাসানের একাধিক বিদেশ সফর এবং এসব সফরে ব্যাংকের অর্থ ব্যয়ের পরিমাণ নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যাংকের লেনদেন বিবরণী অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড ও যুক্তরাজ্য সফরে ৩৪ লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। এর বাইরে সিঙ্গাপুর সফরের পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল হলেও ওই সফরের জন্য ১ লাখ ৫০ হাজার ২১৩ টাকা ব্যয়ের তথ্য রয়েছে। সব মিলিয়ে চারটি সম্পন্ন সফর ও বাতিল হওয়া সিঙ্গাপুর সফর বাবদ ব্যাংকের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩৫ লাখ ৯১ হাজার টাকা।
মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারহোল্ডাররা ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিবছর ১০ শতাংশ বা তার বেশি হারে ডিভিডেন্ড পেয়েছেন। ওই সময়ে ২২ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হয়েছিল ২০১৭ সালে। ২০২৩ সালেও ব্যাংকটি ১০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। তবে এরপর পরিস্থিতির পরিবর্তন ঘটে। ২০২৪ ও ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দিতে পারেনি ব্যাংকটি। ফলে একদিকে বিনিয়োগকারীরা ডিভিডেন্ড থেকে বঞ্চিত হয়েছেন, অন্যদিকে ব্যাংকের শীর্ষ নির্বাহীর বিদেশ সফরে ব্যয়ের বিষয়টি ব্যাংকে এবং ব্যাংকের বাইরে তুমুল আলোচনায় এসেছে।
ব্যাংকটির আর্থিক ফলাফলে দেখা যায়, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে প্রভিশন সংরক্ষণের আগে পরিচালন মুনাফা ধারাবাহিকভাবে বেড়েছে। ২০২৩ সালে এই মুনাফার পরিমাণ ছিল ৫০৯ কোটি ৫৬ লাখ টাকা। ২০২৪ সালে তা বেড়ে ৫২৭ কোটি ২২ লাখ কোটি টাকা এবং ২০২৫ সালে ৫৪৫ কোটি ৪০ লাখ টাকায় পৌঁছায়। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত দুই বছরে ব্যাংকটির নিট মুনাফা হয়নি। পরিচালন মুনাফা থাকা সত্ত্বেও নিট মুনাফা না হওয়া এবং ডিভিডেন্ড বন্ধ থাকার বিষয়টি ব্যাংকের আর্থিক পরিস্থিতি মূল্যায়নে গুরুত্বপূর্ণ।