Stock news
আইএফআইসি ব্যাংকের ১৩ হাজার কোটি টাকা লোপাট
ভুয়া নাম, নামসর্বস্ব প্রতিষ্ঠান ও প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক থেকে বেরিয়ে গেছে ১৩ হাজার ১৬৬ কোটি টাকা। গত ১৫ বছরে ২৮টি প্রতিষ্ঠানের নামে নেওয়া এই বিপুল ঋণের এক টাকাও এখন ফেরত আসেনি, যার পুরোটাই বর্তমানে খেলাপি হয়ে পড়েছে।
প্রকৃত ঋণগ্রহীতার পরিচয় আড়াল করে আত্মীয়, কর্মচারী, ভুয়া কোম্পানি ও সহযোগী প্রতিষ্ঠানের নামে দেওয়া এসব ঋণের পরিমাণ ব্যাংকটির মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেক। আইএফআইসি ব্যাংকের বিশেষ নিরীক্ষায় উঠে এসেছে, এই ঋণ কেলেঙ্কারির সঙ্গে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও তৎকালীন সরকারের প্রভাবশালী নীতিনির্ধারক সালমান এফ রহমানের সরাসরি সংশ্লিষ্টতার তথ্য।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একই ব্যাংক থেকে বিতর্কিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপ নিয়েছে ১ হাজার ৩ ৩৩ কোটি টাকা এবং জয়নুল হক সিকদারের সিকদার গ্রুপ নিয়েছে ১ হাজার ৫৭ কোটি টাকা।
এমন চরম অনিয়ম ও অনাস্থার পরিস্থিতিতে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সালমান এফ রহমানের নিয়ন্ত্রিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে দেড় বছর পূর্ণ হওয়ার আগেই সুশাসনের ঘাটতি, আর্থিক সূচকের অবনতি ও অনিয়ম নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সেই বোর্ডের ওপর আবারও পর্যবেক্ষক বসিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।