Skip to content
Latest stories

Stock news

ডিএসইর লেনদেন দুই গ্রুপকেন্দ্রিক

দুই দিন ধরে দেশের শেয়ারবাজারের লেনদেনে দুটি কোম্পানির একচ্ছত্র প্রাধান্য দেখা গেছে। এই দুই কোম্পানির দাপটে অন্যান্য শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহে ভাটা পড়েছে। কোম্পানি দুটি হলো ওরিয়ন ফার্মা ও বেক্সিমকো লিমিটেড। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকালের মোট লেনদেনের ২৪ শতাংশ বা প্রায় এক–চতুর্থাংশই ছিল কোম্পানি দুটির।শুধু ওরিয়ন ফার্মা ও বেক্সিমকো লিমিটেডই নয়, ওরিয়ন ফার্মা ও বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত অন্য কোম্পানিগুলোও কয়েক দিন ধরে রয়েছে দাপুটে অবস্থানে। ফলে শেয়ারবাজারের লেনদেনের একটি অংশই এ দুই গ্রুপের বিভিন্ন কোম্পানিনির্ভর হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার বাজারের মোট লেনদেনের ২৮ শতাংশই ছিল এ দুই গ্রুপের বিভিন্ন কোম্পানির দখলে।শেয়ারবাজারে বর্তমানে বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এগুলো হলো বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকস। গতকাল এই তিন কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৩১৫ কোটি টাকা। এর মধ্যে বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেন হয় ২৬৪ কোটি টাকার। বেক্সিমকো ফার্মার হাতবদল হওয়া শেয়ারের বাজারমূল্য ছিল ২৯ কোটি টাকা। আর শাইনপুকুর সিরামিকসের লেনদেনের পরিমাণ ছিল ২২ কোটি টাকা।ওরিয়ন গ্রুপের দুটি কোম্পানি বাজারে তালিকাভুক্ত। কোম্পানি দুটি হলো ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশন। গতকাল এ দুটি কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ২২৩ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ১২ শতাংশ। আবার বেক্সিমকো ও ওরিয়ন গ্রুপের তালিকাভুক্ত পাঁচ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৫৩৮ কোটি টাকা।ঢাকার বাজারে গতকাল সব মিলিয়ে লেনদেন হয় ১ হাজার ৮৭৮ কোটি টাকার শেয়ার, যার বড় অংশই ছিল বেক্সিমকো ও ওরিয়ন গ্রুপের কোম্পানিগুলোর দখলে। এ দুই গ্রুপের পাঁচ কোম্পানিই ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষ ১৫ কোম্পানির তালিকায় ছিল। এর মধ্যে লেনদেনের শীর্ষ দুই কোম্পানি ছিল যথাক্রমে বেক্সিমকো লিমিটেড ও ওরিয়ন ফার্মা।দুই গ্রুপকেন্দ্রিক লেনদেন হওয়ায় অন্যান্য কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহে যেন ভাটা পড়েছে। এ কারণে বাজারে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারেরই দরপতন ঘটেছে। ঢাকার বাজারে গতকাল ৩৭৯ কোম্পানির শেয়ার হাতবদল হয়। এর মধ্যে ১৮৮টি বা ৫০ শতাংশেরই দরপতন হয়েছে। দাম বেড়েছে ৭২টির বা ২০ শতাংশের আর অপরিবর্তিত ছিল ১১৯টির বা ৩০ শতাংশের দাম।এদিকে লেনদেনের পাশাপাশি মূল্যবৃদ্ধিতেও শীর্ষে ছিল বেক্সিমকো ও ওরিয়ন গ্রুপের কোম্পানিগুলো। ডিএসইতে গতকাল মূল্যবৃদ্ধির শীর্ষ দুই কোম্পানি ছিল ওরিয়ন ইনফিউশন ও ওরিয়ন ফার্মা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play