Skip to content
Latest stories

Stock news

যমুনা অয়েলের নিট মুনাফা বেড়েছে ৯৯%

পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় কর-পরবর্তী নিট মুনাফা বেড়েছে ৯৯ শতাংশের বেশি। রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়ামজাত পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানটির সর্বশেষ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে যমুনা অয়েলের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২২৯ কোটি ৮০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১৫ কোটি ৩৭ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১১৪ কোটি ৪৩ লাখ টাকা বা ৯৯ দশমিক ১৯ শতাংশ। আলোচ্য তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১০ টাকা ৪৫ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯৫ টাকা ৪৩ পয়সায়। এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬১ কোটি ২১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২ কোটি ২৬ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৫৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২ পয়সা। সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত ১২০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে যমুনা অয়েল। এ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৬ টাকা ৮৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৮ টাকা ২৪ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play