Skip to content
Latest stories

Stock news

লাভেলোর শেয়ার কারসাজির দায়ে ৩৬ লাখ টাকা জরিমানা

তৌফিকা ফুডস অ্যান্ড লভেলো আইসক্রিম পিএলসির শেয়ারে সিরিজ ট্রেডিং ও কৃত্রিম দরবৃদ্ধির অভিযোগ প্রমাণিত হওয়ায় মার্চেন্ট ব্যাংক সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, একটি কর্পোরেট প্রভিডেন্ট ফান্ড এবং তিন ব্যক্তিকে সর্বমোট ৩৫ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ১৬ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এনফোর্সমেন্ট আদেশ অনুযায়ী, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসইর তদন্তে ২০২৫ সালের ২৬ মে থেকে ৩০ জুনের মধ্যে লভেলোর শেয়ার লেনদেনে চরম অস্বাভাবিকতা ধরা পড়ে। উক্ত সময়ে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৭৮.৯০ টাকা থেকে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৮.৬০ টাকায় পৌঁছায়। ডিএসইর অনুসন্ধানে দেখা যায়, সিবিসি ক্যাপিটাল এবং লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেডের মালিক ঝুয়াং লিফেংয়ের সাথে যুক্ত বিভিন্ন বিও হিসাবের একটি আন্তঃসংযুক্ত নেটওয়ার্ক বা সিন্ডিকেট তৈরি করা হয়। এই চক্রের মধ্যে ছিল সিবিসি ক্যাপিটাল, লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড এমপ্লয়িজ কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, লিজ ফ্যাশনের অর্থ প্রধান এইচএম রুবাইয়াত, তাঁর স্ত্রী শায়লা আক্তার এবং প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার (প্ল্যানিং) রাজন কুমার সাহা। তদন্তে উন্মোচিত হয়, উল্লিখিত সময়ে লভেলোর মোট শেয়ার লেনদেনের ২২.৩০ শতাংশই সম্পন্ন করেছে এই সিন্ডিকেট। তারা বাজারে কৃত্রিমভাবে লেনদেনের গতি ও শেয়ারের দাম বাড়াতে ৯ লাখ ৬৭ হাজার ১২৫টি শেয়ারের ১৩টি ম্যাচড বা সার্কুলার ট্রানজেকশন সম্পন্ন করে। এই কারসাজির মাধ্যমে চক্রটি ২.২৪ কোটি টাকার রিয়ালাইজড ক্যাপিটাল গেইন এবং ১.৯৫ কোটি টাকার আনরিয়ালাইজড ক্যাপিটাল গেইন হাসিল করে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play