ওয়ালটনের মুনাফা বাড়ায় ১৯০% লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স খাতের প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ১৯০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে ১৮০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।৩০ জুন ২০২৬ তারিখে সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনার পর শনিবার (২৯ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়।কোম্পানির প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ওয়ালটনের শেয়ারপ্রতি আয় বেড়ে ৩৩ দশমিক ৭৫ টাকায় দাঁড়িয়েছে। আগের অর্থবছর অর্থাৎ ২০২৪-২৫ সালে শেয়ারপ্রতি আয় ছিল ৩১ দশমিক ১১ টাকা।প্রস্তাবিত ১৮০ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ হলো ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ১৮ টাকা নগদ দেওয়া হবে। পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ হিসেবে প্রতি ১০টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি করে বোনাস শেয়ার দেওয়া হবে।কোম্পানির আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, মুনাফা বাড়ার পেছনে অন্যতম কারণ ছিল অর্থায়ন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া। ২০২৫-২৬ অর্থবছরে ওয়ালটনের অর্থায়ন খরচ ২৬৭ কোটি ২৬ লাখ টাকা কমেছে। এ সময়ে মোট বিক্রয়ের বিপরীতে অর্থায়ন খরচ ২ দশমিক ৪৫ শতাংশে নেমে এসেছে। আগের অর্থবছরে এ হার ছিল ৬ দশমিক ৩৩ শতাংশ এবং অর্থায়ন ব্যয় ছিল ৪৪৮ কোটি ৪০ লাখ টাকা।কোম্পানিটির নগদ প্রবাহেও ইতিবাচক পরিবর্তন এসেছে। ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ বেড়ে ৬৩ দশমিক ৭২ টাকায় দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরে ছিল ৫২ দশমিক ৯১ টাকা।ওয়ালটনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের কাছ থেকে বকেয়া আদায়ের পরিমাণ ৬৯৪ কোটি ৩৬ লাখ টাকা বা ৮ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। একই সময়ে সরবরাহকারীদের পাওনা পরিশোধের পরিমাণ ২ দশমিক ৩১ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানির নগদ প্রবাহে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।২০২৬ সালের ৩০ জুনের হিসাব অনুযায়ী, পুনর্মূল্যায়নসহ ওয়ালটনের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৮১ দশমিক ২৬ টাকা। এক বছর আগে এ পরিমাণ ছিল ৩৬৩ দশমিক ৪০ টাকা। তবে পুনর্মূল্যায়ন বাদ দিলে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮০ দশমিক ২৪ টাকা।কোম্পানি জানিয়েছে, প্রস্তাবিত ১০ শতাংশ স্টক লভ্যাংশের মাধ্যমে পাওয়া মূলধন বিএমআরই অর্থাৎ আধুনিকায়ন ও সম্প্রসারণ কার্যক্রমের আওতায় পরিচালিত ‘গ্রিন এনার্জি প্রজেক্ট’-এর সক্ষমতা বাড়াতে ব্যবহার করা হবে। এর মাধ্যমে কারখানায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।লভ্যাংশ পাওয়ার যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। আর লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে।