Skip to content
Latest stories

Stock news

উত্তরা ফাইন্যান্সে ৪ সদস্যের প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডে চার সদস্যের প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ ১৮ আগস্ট এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। আর্থিক কোম্পানি আইন, ২০২৩-এর ২০(২) ও ৪৮(৩) ধারার ক্ষমতাবলে এই প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা হলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোস্তাকুর রহমান, অতিরিক্ত পরিচালক মোকাদ্দাসুল আলম, অতিরিক্ত পরিচালক মোশাররফ হোসেন এবং যুগ্ম পরিচালক বিমল কুমার গাইন।প্রজ্ঞাপন জারির পরদিন, ১৯ আগস্ট চার কর্মকর্তা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়ম ও ব্যবস্থাপনা সংকটে রয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগের পর ২০২২ সালে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।প্রতিষ্ঠানটিতে পরিচালিত বিশেষ নিরীক্ষায় বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের প্রমাণও পাওয়া যায়। এ ছাড়া ২০১৯ সালের আর্থিক ফলাফল সংশোধন করে ১১৮ কোটি টাকা মুনাফার পরিবর্তে ৩১০ কোটি টাকা লোকসান দেখানো হয়।বর্তমানে প্রতিষ্ঠানটির ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত চার বছরের আর্থিক প্রতিবেদন এখনও প্রকাশ করা হয়নি। নতুন নিয়োগ পাওয়া চার প্রশাসক এখন প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম তদারকি করবেন বলে জানা গেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play