টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
টানা চার কর্মদিবস ঊর্ধ্বমুখী থাকার পর সোমবার (২১ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধন দেখা দিয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধানসহ সব সূচক কমেছে। তবে সূচক কমলেও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।বাজারসংশ্লিষ্টরা বলছেন, টানা চার কর্মদিবস বাজার ঊর্ধ্বমুখী থাকার পর কিছুটা দর সংশোধন হওয়াকে স্বাভাবিক ও ইতিবাচক হিসেবে দেখা যায়। ধারাবাহিক উত্থানের পর অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ায় কিছুটা বিক্রির চাপ তৈরি হয়েছে। এর প্রভাবে দিনশেষে সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে, যা বাজারের স্বাভাবিক কার্যক্রমেরই অংশ।তবে সংশ্লিষ্টদের মতে, এই সংশোধন যেন ধারাবাহিক দরপতনে রূপ না নেয়, সেদিকে নজর রাখা প্রয়োজন। এরই মধ্যে জুন ক্লোজিং কোম্পানিগুলোর ডিভিডেন্ড বা লভ্যাংশ ঘোষণার মৌসুম শুরু হয়েছে। কয়েকটি কোম্পানি ইতোমধ্যে ডিভিডেন্ড ঘোষণা করেছে। পাশাপাশি আরও কিছু কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত বোর্ড সভার তারিখ জানিয়েছে।