Skip to content
Latest stories

Stock news

বন্ধ বিও হিসাব চালুর অনুমোদন, শেয়ারবাজারে তারল্য বাড়ার আশা ডিবিএর

দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ৬১৭টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বিনিয়োগকারী ও পুঁজিবাজারের সামগ্রিক স্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান, কমিশনারবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটি। বুধবার (৪ নভেম্বর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবিএ এ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সরকারি সংস্থার অনুরোধ এবং বিএসইসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মোট ৬১৭টি বিও হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এসব হিসাবে লেনদেন বন্ধ থাকায় সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা তাদের শেয়ার কেনাবেচার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। এ পরিস্থিতিতে বন্ধ হয়ে থাকা বিও হিসাবগুলো পুনরায় চালুর উদ্যোগ নেয় ডিবিএ। সংগঠনটি গত ২০ জুলাই ২০২৬ তারিখে বিএসইসির চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন জমা দেয়। আবেদনে বলা হয়, কোনো আইনগত কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা কিংবা সরকারি সংস্থার নিষেধাজ্ঞা না থাকলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা বিও হিসাবগুলো পুনরায় চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। ডিবিএর এই আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্থগিত হিসাবগুলো পুনরায় চালু করে লেনদেনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। কমিশনের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে সংগঠনটির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play