Stock news
সংবাদ প্রকাশের জেরে শেয়ার বিজের বিরুদ্ধে আইনি হয়রানি রবির
বিভিন্ন অনিয়ম, অসংগতি নিয়ে বস্তুনিষ্ঠ ও তথ্য-প্রমাণভিত্তিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক শেয়ার বিজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। গত ২৯ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন ঘিরে পত্রিকাটিকে আইনি নোটিশ পাঠানো এবং মামলা করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে শেয়ার বিজ। প্রতিষ্ঠানটির দাবি, প্রতিবেদনের বিষয়ে বক্তব্য না দিয়ে আইনি প্রক্রিয়ায় সংবাদ প্রকাশে বাধা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
বুধবার (৪ নভেম্বর) দৈনিক শেয়ার বিজের সম্পাদক ও প্রকাশক মীর মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে রবির সঙ্গে পত্রিকাটির আইনি বিরোধ এবং এ নিয়ে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে শেয়ার বিজ বিভিন্ন সময়ে অনুসন্ধানী বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আসছে। এরই ধারাবাহিকতায় রবি আজিয়াটায় সংঘটিত বিভিন্ন অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিটি প্রতিবেদনে অভিযুক্ত পক্ষের বক্তব্য নেওয়ার পাশাপাশি তথ্য-উপাত্ত ও প্রয়োজনীয় নথি বারবার যাচাই-বাছাই করা হয়েছে। কোনো মনগড়া কিংবা আরোপিত তথ্যের ভিত্তিতে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়নি বলে দাবি করেছে পত্রিকাটি।
শেয়ার বিজের অভিযোগ, গত ২৯ অক্টোবর ‘রবিতে সাহেদের একচ্ছত্র আধিপত্য’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের পর পত্রিকাটিকে আইনি নোটিশ পাঠিয়ে মামলা করার হুমকি দেওয়া হয়েছে। এর আগে রবির সঙ্গে শেয়ার বিজের পূর্ববর্তী মামলার বিষয়, এয়ারটেল ব্র্যান্ডের রিব্র্যান্ডিং এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম নিয়েও প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।