Stock news
সম্পদ ও এনএভি বাড়লেও মুনাফায় বড় পতন ইস্টার্ন লুব্রিক্যান্টসের
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে মুনাফায় বড় ধরনের পতন হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসির। একই সময়ে উল্লেখযোগ্য হারে কমেছে কোম্পানিটির আয় । ফলে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় শেয়ারপ্রতি আয়ও (ইপিএস) উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পাশাপাশি কোম্পানিটির পরিচালন কার্যক্রমে লোকসান এবং পরিচালন নগদ প্রবাহে নেতিবাচক পরিস্থিতি দেখা দিয়েছে।
বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮০ লাখ ৪১ হাজার টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ২ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির মুনাফা কমেছে ১ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার টাকা বা প্রায় ৬৭ দশমিক ৭১ শতাংশ।
মুনাফার পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি আয়েও বড় পতন হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে এই আয় ছিল ১৫ টাকা ৬৮ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় কমেছে ১২ টাকা ৩০ পয়সা।