সাংবাদিক রেজোয়ানের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবি সিএমজেএফের
সাংবাদিক ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সদস্য ইব্রাহিম হোসাইন রেজোয়ানের বিরুদ্ধে দায়ের করা মামলার নিন্দা জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।সোমবার (২৪ আগস্ট) সিএমজেএফের সভাপতি মনির হোসেন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব রাসেল এক বিবৃতিতে এ দাবি জানান।সংগঠনটি জানায়, শেয়ারবাজারে একটি প্রতিষ্ঠানের অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের জেরে গত ১০ মার্চ ঢাকার সিএমএম আদালতে রেজোয়ানের বিরুদ্ধে মামলা করে এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।সিএমজেএফের দাবি, প্রতিবেদন প্রকাশের পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে এবং বিষয়টি বর্তমানে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগে রয়েছে।সংগঠনটির নেতারা মামলাটিকে হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে বলেন, সাংবাদিকতার মাধ্যমে অনিয়ম-দুর্নীতি তুলে ধরার ক্ষেত্রে এ ধরনের মামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। তারা রেজোয়ানের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।