Skip to content
Latest stories

Stock news

পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করল সিটি ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসি পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব থেকে সরে এসেছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিতব্য বিশেষ সাধারণ সভাকে সামনে রেখে আগের ব্যবসায়িক প্রস্তাবগুলো পুনর্বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।২৪ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ঢাকা স্টক এক্সচেঞ্জকে দেওয়া তথ্যে সিটি ব্যাংক জানিয়েছে, গত ১৩ আগস্ট অনুমোদিত প্রস্তাবগুলো নতুন করে পর্যালোচনা করা হয়েছে। এ সময় আইনগত, নিয়ন্ত্রক, সুশাসন, শেয়ারহোল্ডার এবং চুক্তিগত বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বতন্ত্র পরিচালক বাদে ব্যাংকের পরিচালকের সর্বোচ্চ সংখ্যা ৮ জন থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাবটি আর বিশেষ সাধারণ সভায় উপস্থাপন করা হবে না। প্রস্তাবটি সভার আলোচ্যসূচি থেকেও প্রত্যাহার করা হয়েছে। তবে ভবিষ্যতে উপযুক্ত সময়ে বিষয়টি আবারও বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছে ব্যাংকটি।অন্যদিকে, সিটি ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করার প্রস্তাবটি বহাল রয়েছে। প্রস্তাব অনুযায়ী, ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত হবে ব্যাংকের ৩ হাজার কোটি টাকার অনুমোদিত মূলধন।এ লক্ষ্যে ব্যাংকের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধনের প্রস্তাবও শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভায় তোলা হবে। তবে এসব প্রস্তাব কার্যকর করতে শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা ও প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।ব্যাংক জানিয়েছে, বিশেষ সাধারণ সভার রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬। আর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর ২০২৬।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play