Stock news
পাঁচ গুণ বাড়ছে ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন
অনুমোদিত মূলধন পাঁচ গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ। এ লক্ষ্যে ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করার প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় অনুমোদিত মূলধন বৃদ্ধির বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য ব্যাংকটির সংঘস্মারক ও সংঘবিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনার সিদ্ধান্ত হয়েছে।
কোম্পানিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধনের পরিমাণ ২ হাজার কোটি টাকা, যা ২০ হাজার মিলিয়ন টাকার সমান। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, তা বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা বা ১ লাখ মিলিয়ন টাকা করার প্রস্তাব করা হয়েছে।
তবে অনুমোদিত মূলধন বাড়ানোর এ সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র নিতে হবে। পাশাপাশি ব্যাংকটির শেয়ারহোল্ডারদের অনুমোদনও প্রয়োজন হবে।