নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার!

Date: 2026-09-09 10:00:08
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার!
নতুন সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস পেরিয়ে গেলেও দেশের শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর দীর্ঘ খরা কাটেনি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এখনো নতুন কোনো কোম্পানির আইপিও অনুমোদন দেয়নি। যদিও শেয়ারবাজার পুনরুজ্জীবিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।সর্বশেষ ২০২৪ সালের মার্চে টেকনো ড্রাগসের আইপিও অনুমোদন দিয়েছিল বিএসইসি। এরপর দুই বছরেরও বেশি সময় ধরে নতুন কোনো কোম্পানির শেয়ারবাজারে আসার অনুমোদন হয়নি।নতুন সরকার ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেয়। এর প্রায় তিন মাস পর ৪ জুন নতুন বিএসইসি কমিশন দায়িত্ব গ্রহণ করে। কিন্তু নতুন কমিশনেরও তিন মাস পার হলেও কোনো কোম্পানি আনুষ্ঠানিকভাবে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের আবেদন করেনি। ফলে অদূর ভবিষ্যতে নতুন কোনো কোম্পানির তালিকাভুক্তির সম্ভাবনাও ক্রমেই ক্ষীণ হচ্ছে।বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা ছিল, নতুন অর্থবছর শুরু হলে আইপিও আবেদনের গতি বাড়বে। কারণ শেয়ারবাজারে অর্থ সংগ্রহ করতে আগ্রহী কোম্পানিগুলোকে আগের ১৮০ দিনের নিরীক্ষিত আর্থিক বিবরণী জমা দিতে হয়। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।আইপিও কার্যক্রম স্থবির থাকায় ব্যবসা সম্প্রসারণের জন্য দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ পথ কার্যত সংকুচিত হয়ে পড়েছে। ফলে প্রতিষ্ঠানগুলোকে ব্যাংকঋণ ও নিজস্ব আয়ের ওপর আরও বেশি নির্ভর করতে হচ্ছে।

Share this news