Skip to content
Latest stories

Stock news

মুন্নু অ্যাগ্রোর আর্থিক বিবরণীতে অসংগতি, তদন্তে নামছে ডিএসই

পুঁজিবাজারে তালিকাভুক্ত মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে বিভিন্ন অসংগতির অভিযোগ উঠেছে। ক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতি এবং বড় অঙ্কের নগদ লেনদেনসহ একাধিক বিষয় খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।সম্প্রতি বিএসইসির করপোরেট রিপোর্টিং বিভাগ থেকে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে তদন্ত শেষে ৩০ কার্যদিবসের মধ্যে সুনির্দিষ্ট তথ্য, প্রয়োজনীয় প্রমাণপত্র ও সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে।বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।বিএসইসির চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনার সময় নিরীক্ষক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। এর মধ্যে কোম্পানির বিভিন্ন ক্রয়সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র না পাওয়ার বিষয়টিও রয়েছে।নিরীক্ষকের পর্যবেক্ষণ অনুযায়ী, সংশ্লিষ্ট ক্রয়ের ক্ষেত্রে মালামালের চাহিদাপত্র, কার্যাদেশ, ক্রয়াদেশ, দরপত্র বা মূল্যপ্রস্তাব, পণ্য সরবরাহের চালান, পণ্য গ্রহণের রসিদ, অর্থ গ্রহণের রসিদ এবং অর্থ পরিশোধের আবেদন পাওয়া যায়নি।এ কারণে আর্থিক বিবরণীতে দেখানো সংশ্লিষ্ট ব্যয়ের যৌক্তিকতা যাচাই করা সম্ভব হয়নি বলে নিরীক্ষক উল্লেখ করেছেন।সাধারণভাবে কোনো প্রতিষ্ঠানের ক্রয়প্রক্রিয়ায় এসব নথিপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে পণ্য বা সেবা কেনার প্রয়োজনীয়তা, অনুমোদনের প্রক্রিয়া, বিক্রেতার পরিচয়, পণ্যের মূল্য, সরবরাহ এবং অর্থ পরিশোধের ধারাবাহিকতা যাচাই করা সম্ভব হয়। ফলে প্রয়োজনীয় নথির ঘাটতির কারণে এসব লেনদেনের প্রকৃত অবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।নিরীক্ষকের পর্যবেক্ষণে কোম্পানির অর্থ প্রদান ও অর্থ সংগ্রহের অধিকাংশই নগদে সম্পন্ন হওয়ার বিষয়টিও উঠে এসেছে।ব্যাংকিং ব্যবস্থার পরিবর্তে বড় অঙ্কের অর্থ নগদে লেনদেনের কারণ ও প্রক্রিয়া তদন্তের আওতায় আনতে বলেছে বিএসইসি। এসব অর্থের উৎস, ব্যবহার এবং লেনদেনের ধারাবাহিকতা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা যাচাই করবে ডিএসই।কোম্পানির পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাও বিএসইসির কাছে সন্তোষজনক মনে হয়নি। কমিশনের চিঠিতে বলা হয়েছে, কোম্পানির জবাব নিরীক্ষকের উত্থাপিত পর্যবেক্ষণের সঙ্গে যথাযথভাবে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে শুধু হিসাবের অঙ্ক নয়, সংশ্লিষ্ট লেনদেনের পেছনের প্রকৃত চিত্রও যাচাই করা প্রয়োজন বলে মনে করছে কমিশন।তদন্তের অংশ হিসেবে ডিএসইকে বিশেষভাবে কয়েকটি বিষয় যাচাই করতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট লেনদেনের সত্যতা, কোম্পানির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা এবং আর্থিক বিবরণীতে প্রদর্শিত ব্যয়ের যৌক্তিকতা।পাশাপাশি নগদ লেনদেনের অর্থপ্রবাহ যথাযথভাবে অনুসরণ করা সম্ভব কি না, সেটিও তদন্তে খতিয়ে দেখা হবে।সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে স্বাভাবিক ব্যবসায়িক শর্ত ও বাজারমূল্যের বাইরে কোনো লেনদেন হয়েছে কি না, তাও যাচাই করবে ডিএসই। একই সঙ্গে আর্থিক বিবরণীতে কোনো ভুল বা অসংগতি রয়েছে কি না এবং সার্বিক পরিস্থিতিতে নিরীক্ষকের রিপোর্টিং সিদ্ধান্ত যথাযথ ছিল কি না, তা তদন্তের আওতায় থাকবে।এর আগে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি মুন্নু অ্যাগ্রোর আর্থিক বিবরণী নিয়ে ডিএসইর করপোরেট গভর্ন্যান্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কমিটি বিএসইসির কাছে একটি পর্যবেক্ষণ পাঠায়। সেই পর্যবেক্ষণের ভিত্তিতেই এবার আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন।এই তদন্তের মাধ্যমে মুন্নু অ্যাগ্রোর আর্থিক বিবরণীতে উঠে আসা অসংগতির প্রকৃত কারণ, সংশ্লিষ্ট লেনদেনের বৈধতা এবং কোম্পানির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play