Skip to content
Latest stories

Stock news

এখনও পূর্ণকালীন এমডির খোঁজে ডিএসই

গত বছরের আগস্ট থেকে পূর্ণকালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খুঁজেই চলেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কিন্তু যোগ্য প্রার্থী না থাকায় একাধিকবার বিজ্ঞপ্তি দিয়েও এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেওয়া যায়নি। ফলে পুনরায় এমডি নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়ার কথা ভাবছে দেশের শেয়ারবাজারের শীর্ষ এই প্রতিষ্ঠান। আগামী মাসে জাতীয় দৈনিক ও ওয়েবসাইটতে এই বিজ্ঞপ্তি দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য মতে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ডিএসই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদের জন্য তিনজনের একটি প্রস্তাব পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) পাঠিয়েছিল ডিএসই। তবে যোগ্য ব্যক্তি না থাকায় ডিএসইর সেই প্রস্তাব বাতিল করেছে বিএসইসি। এ সংক্রান্ত একটি চিঠি গত ২৫ এপ্রিল ডিএসইকে পাঠিয়েছে বিএসইসি। যা আজ বৃহস্পতিবার হাতে পেয়েছে ডিএসইর ব্যবস্থাপনা বিভাগ।এ বিষয়ে নাম না প্রকাশের শর্তে ডিএসইর একাধিক কর্মকর্তা জানান, তারা বৃহস্পতিবার (২৭ এপ্রিল) চিঠির কপি হাতে পেয়েছেন।তারা বলেন, চিঠিতে আমাদের নতুন করে এমডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে।তারা আরও বলেন, নিয়োগ সংক্রান্ত ডিএসইর এনআরসি কমিটির সভা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। এরপর যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করে আগামী মাসের প্রথম দিকেই নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।এমডি নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত এমডি হিসেবে এম সাইফুর রহমান মজুমদারকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে বলে জানান তারা।বিএসইসির পাঠানো এ চিঠিতে বলা হয়, এমডি পদের জন্য ডিএসইকে উপযুক্ত এবং যোগ্য প্রার্থী সন্ধানের জন্য নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করার নির্দেশ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে উল্লেখ্য যে, নতুন বিজ্ঞাপনে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (বোর্ড এবং প্রশাসন) রেগুলেশন, ২০১৩-এ বর্ণিত মানদণ্ড থাকতে হবে। সেইসঙ্গে ফিনটেক, আইটি এবং গভর্নেন্স সম্পর্কিত বিষয়ে জ্ঞান অন্তর্ভুক্ত থাকতে হবে।এর আগে বিজ্ঞপ্তিতে ডিএসইর এমডি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে বলা হয়েছে, প্রার্থীকে ব্যবসায় শিক্ষা, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত অথবা আইনে অন্তত স্নাতক ডিগ্রি এবং অন্তত ১০ বছরের প্রফেশনাল এক্সপেরিয়েন্স থাকতে হবে। এছাড়া সিএফএ, সিএ, সিএমএ, সিএস, সিপিএর মতো প্রফেশনাল ডেজিগনেশন এবং অন্তত ১০ বছরের প্রফেশনাল এক্সপেরিয়েন্স রয়েছে এমন প্রার্থীও আবেদন করতে পারবেন। তবে পুঁজিবাজার বা সংশ্লিষ্ট খাতে ইন্টারন্যাশনাল এক্সপোজার রয়েছে, এমন প্রার্থীর ক্ষেত্রে ডিএসইর পর্ষদ চাইলে উল্লিখিত যোগ্যতা শিথিল করতে পারবে।উল্লেখ্য, ২০২২ সালের আগস্ট মাসে ডিএসইর এমডি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন তারিক আমিন ভূঁইয়া। এরপর ৯ সেপ্টেম্বর ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে চূড়ান্তভাবে পদত্যাগ করেন তিনি

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play