Skip to content
Latest stories

Stock news

চেয়ারম্যানের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা বলল বিএসইসি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানকে উদ্ধৃত করে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।বুধবার (১৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, চেয়ারম্যান কোনো সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার বা বক্তব্য না দিয়ে থাকলে ওই মাধ্যমে তার নামে প্রকাশিত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে বিবেচনার সুযোগ নেই।সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে ‘কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা’ শিরোনামে বিএসইসি চেয়ারম্যানকে উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশিত হয়।এসব প্রতিবেদনে শেয়ারবাজারে কারসাজি ও অনিয়ম, জরিমানা, ফৌজদারি মামলা, ব্রোকারেজ হাউস, ডাইরেক্ট লিস্টিং, বন্ড মার্কেট এবং প্রযুক্তিনির্ভর নজরদারিসহ বিভিন্ন বিষয়ে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে তথ্য তুলে ধরা হয়।তবে বিএসইসি বলছে, যেসব সংবাদমাধ্যমকে চেয়ারম্যান কোনো সাক্ষাৎকার বা বক্তব্য দেননি, সেসব মাধ্যমে তার নামে প্রকাশিত বা উদ্ধৃত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে গণ্য করার সুযোগ নেই।কমিশনের ভাষ্য, সংবাদমাধ্যমের নিজস্বভাবে প্রস্তুত বা উপস্থাপিত বক্তব্যকে চেয়ারম্যানের বক্তব্য হিসেবে প্রচার করা অনভিপ্রেত ও বিভ্রান্তিকর।বিএসইসি জানিয়েছে, ওই সংবাদকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন পোস্ট ও শেয়ার করা হচ্ছে। এসব পোস্টে সংবাদে থাকা বক্তব্যকে বিএসইসি চেয়ারম্যানের বক্তব্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।কমিশনের মতে, এ ধরনের প্রচারে চেয়ারম্যান ও কমিশনের অবস্থান সম্পর্কে জনসাধারণ ও বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। একই সঙ্গে শেয়ারবাজারে ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকিও রয়েছে।বিএসইসি বলেছে, শেয়ারবাজারের মতো সংবেদনশীল ও বিনিয়োগকারীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, চেয়ারম্যান বা কমিশনারের নামে বক্তব্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও পেশাগত দায়িত্বশীলতা অনুসরণ করা জরুরি।কোনো বক্তব্যের সত্যতা যাচাই না করে তা প্রকাশ বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি তৈরি হতে পারে।এ কারণে সংবাদমাধ্যম, সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এবং শেয়ারবাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের যাচাই-বাছাই ছাড়া বিএসইসি চেয়ারম্যান বা কমিশনের নামে কোনো বক্তব্য, সিদ্ধান্ত বা অবস্থান প্রচার না করার জন্য সতর্ক করেছে কমিশন।কমিশনের সিদ্ধান্ত, নির্দেশনা, নীতিগত অবস্থান বা গুরুত্বপূর্ণ বক্তব্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের জন্য বিএসইসির অফিসিয়াল ওয়েবসাইট, অনুমোদিত প্রেস বিজ্ঞপ্তি ও কমিশনের মুখপাত্রের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্যের ভিত্তিতে বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এর উৎস ও সত্যতা যাচাই করতে বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে বিএসইসি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play