Skip to content
Latest stories

Stock news

বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে

চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিওয়াইডির (BYD) গাড়ি আমদানি ও বিতরণে যাচ্ছে শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি। এ লক্ষ্যে বিওয়াইডির সঙ্গে টেকনিক্যাল লাইসেন্স অ্যাগ্রিমেন্ট (টিএলএ) স্বাক্ষরের অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।রোববার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।কোম্পানির তথ্য অনুযায়ী, গত ২৪ মার্চ চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাগ্রিমেন্ট (এমএসএমএ) অনুমোদনের কথা জানিয়েছিল রানার অটোমোবাইলস। ওই চুক্তির ধারাবাহিকতায় এবার পরবর্তী কার্যক্রমের অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, বিওয়াইডির সঙ্গে টেকনিক্যাল লাইসেন্স অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করা হবে। একই সঙ্গে বিওয়াইডির সম্পূর্ণ তৈরি (CBU) গাড়ি বাংলাদেশে আমদানি ও বিতরণের অনুমোদনও দেওয়া হয়েছে।রানার জানিয়েছে, এমএসএমএর আওতায় ভবিষ্যতে উৎপাদন প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক গড়ে তোলা ও প্রস্তুতি সম্পন্ন করার অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে সম্পূর্ণ তৈরি গাড়ি আমদানি ও বিতরণ করা হবে।অর্থাৎ, দেশে বিওয়াইডির গাড়ির বাজার তৈরি ও বিক্রয় নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতিও এগিয়ে নিতে চায় রানার অটোমোবাইলস।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play