Skip to content
Latest stories

Stock news

বিজ্ঞানের আলোয় ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ

বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনকে অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে যুক্ত করে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজধানীর নভোথিয়েটারে এ মেলা অনুষ্ঠিত হবে। ‘Innovate to Market’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় উদ্ভাবক, শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।আয়োজকরা জানান, একটি সমন্বিত উদ্ভাবনী ইকোসিস্টেম গড়ে তোলার পাশাপাশি নতুন প্রযুক্তি ও উদ্ভাবনকে বাজারমুখী করাই এ মেলার অন্যতম লক্ষ্য। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মেলায় ১৫০টির বেশি ইনোভেশন শোকেস থাকবে। এতে তরুণ ও অভিজ্ঞ উদ্ভাবকদের বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবন প্রদর্শিত হবে। পাশাপাশি ১৫টির বেশি সেশন ও ডায়ালগে সংশ্লিষ্ট বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশেষজ্ঞদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হবে।মেলায় একটি বিশেষ ‘ইনোভেশন হাব’ থাকবে, যেখানে নতুন ধারণা, প্রযুক্তি ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া দেশি-বিদেশি ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ থাকবে।শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে মেলায় ৫০টির বেশি ইন্ডাস্ট্রি এক্সপার্ট অংশ নেবেন। একই সঙ্গে ৫০টির বেশি করপোরেট, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ থাকবে।মেলার প্রদর্শনীতে ব্যক্তি, শিক্ষার্থী, গবেষক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রতিষ্ঠান, করপোরেট ও ইন্ডাস্ট্রি, বহুজাতিক কোম্পানি (এমএনসি), সরকারি সংস্থা, আন্তর্জাতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা (আইএনজিও/এনজিও), এসএমই, সার্ভিস প্রোভাইডার, স্টার্টআপ, আইডিয়া ইনকিউবেটর এবং গ্রিন এন্টারপ্রেনারদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬ বাস্তবায়ন করবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ।মেলায় প্রদর্শনীতে অংশ নিতে আগ্রহীদের ৩০ আগস্টের মধ্যে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে বলা হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play