Stock news
বেক্সিমকো গ্রিন সুকুকের অবশিষ্ট ইউনিটও শেয়ারে রূপান্তরের সুযোগ
বেক্সিমকো গ্রিন সুকুক আল ইসতিসনা-এর পঞ্চম বছরের রূপান্তরের জন্য আগামী ২২ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এদিন সুকুকধারীরা তাঁদের হাতে থাকা সুকুকের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বেক্সিমকো লিমিটেডের সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, পঞ্চম বছরের রূপান্তর সুবিধার আওতায় সুকুকধারীরা তাঁদের ধারণ করা সুকুকের ৫ শতাংশ, ১০ শতাংশ, ১৫ শতাংশ অথবা ২০ শতাংশ সাধারণ শেয়ারে রূপান্তরের সুযোগ পাবেন।
এ ছাড়া ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের কোনো বছরেই যেসব সুকুকধারী তাঁদের সুকুকের নির্ধারিত অংশ (৫ শতাংশ, ১০ শতাংশ, ১৫ শতাংশ অথবা ২০ শতাংশ) শেয়ারে রূপান্তর করেননি, তাঁরাও এবার বিশেষ সুবিধা পাবেন। আগের ওই চার বছরে রূপান্তর না করা সুকুকের অবশিষ্ট অংশের সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত চলতি বছরে বেক্সিমকো লিমিটেডের সাধারণ শেয়ারে রূপান্তর করা যাবে।
রূপান্তরের ক্ষেত্রে শেয়ারের মূল্য নির্ধারণ করা হবে বিশেষ ছাড়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রেকর্ড ডেটের আগের টানা ২০ কার্যদিবসে বেক্সিমকো লিমিটেডের সাধারণ শেয়ারের ভারিত গড় বাজারদরের চেয়ে ২৫ শতাংশ কম দামে সুকুক রূপান্তরের সুযোগ পাবেন বিনিয়োগকারীরা।