Skip to content
Latest stories

Stock news

উৎপাদনে আসছে সামিটের ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ

আগামী বছরের জুন মাসে উৎপাদনে আসছে সামিট পাওয়ারের আরো ৫৯০ মেগাওয়াট বিদ্যুৎ। নারায়ণগঞ্জের সামিট মেঘনাঘাট পাওয়ার স্টেশন-২ থেকে এই বিদ্যুৎ উৎপাদন করা হবে। এই সময়ে জাতীয় গ্রিডে কোম্পানিটির বিদ্যুৎ সর্বনিম্ন মূল্যে সরবরাহ করা হবে। এমনটা জানিয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান।বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বৃহস্পতিবার (০৩ নভেম্বর) বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনে গেলে তাঁকে বিষয়টি জানান মোহাম্মদ আজিজ খান।সামিট গ্রুপের চেয়ারম্যান বলেন, বিদ্যুৎ কেন্দ্রটিতে বিশ্বের সবচেয়ে ভালো ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তিনি জানান, গত ১০-১২ বছরে ৭-৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছে বিদ্যুতের কারণে। জিডিপির প্রবৃদ্ধি ধরে রাখতে চাইলে বিদ্যুতের প্রয়োজন। এই বিদ্যুৎকেন্দ্রে গ্যাস থেকে ৬২ ভাগ পর্যন্ত বিদ্যুৎ উত্পন্ন হবে। ফলে বিদ্যুৎ ব্যয় কমবে।তিনি আরো জানান, বিদ্যুৎকেন্দ্রটি গ্যাসে, ডিজেল ও হাইড্রোজেনে চলতে পারে। এ বিদ্যুৎকেন্দ্রের কার্বন নিঃসরণ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৬০ ভাগ কম ও অন্যান্য বিদ্যুৎকেন্দ্র থেকে ৪০ ভাগ কম।বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন ও দুর্নীতি প্রতিরোধ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। সামিটের এ বিদ্যুৎকেন্দ্রে আমেরিকান কোম্পানি জিইর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যৌথভাবে গড়ে তোলা এ বিদ্যুৎকেন্দ্র আমেরিকান কোম্পানিগুলোকে বাংলাদেশে জ্বালানিসহ অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহিত করবে।নারায়ণগঞ্জের সোনারগাঁর চর সানাউল্লায় নির্মাণাধীন সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লি.-২ ও উৎপাদনে থাকা সামিট মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড পরিদর্শন শেষে রাষ্ট্রদূত সিলেটে সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানি দেখতে যান। এই সময় তার সঙ্গে ছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, ভাইস চেয়ারম্যান লতিফ খান, জিই গ্যাস পাওয়ারের দক্ষিণ এশিয়া অঞ্চলের সিইও দীপেশ নন্দা, জিই গ্যাস পাওয়ারের কান্ট্রি লিডার নওশাদ আলী প্রমুখ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play