টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ১০ ব্রোকারকে নিয়ে বৈঠক
দেশের শেয়ারবাজারে চলমান মন্দা, টানা দরপতন ও বিনিয়োগকারীদের আস্থার সংকট কাটাতে শীর্ষ ১০ ব্রোকারেজ প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠকে বসছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আগামী মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ডিএসই কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে বিক্রির চাপ বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় লেনদেনেও স্থবিরতা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বাজারের সার্বিক অবস্থা সম্পর্কে শীর্ষ ব্রোকারদের মতামত জানতে এ বৈঠকের আয়োজন করা হয়েছে।বৈঠকে সাম্প্রতিক দরপতনের কারণ, বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক, লেনদেন কমে যাওয়ার কারণ এবং বাজারের তারল্য পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়েও ব্রোকারদের মতামত নেওয়া হবে।সম্প্রতি শেয়ারবাজারে বড় ধরনের দরপতন দেখা যায়। গত ৭ সেপ্টেম্বর ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এক দিনেই ১০৩ পয়েন্ট কমে ৫ হাজার ৫৫৮ পয়েন্টে নেমে আসে। ওই দিন আগের দিনের তুলনায় লেনদেন প্রায় ২৪ শতাংশ কমে ৫৪৫ কোটি টাকার কাছাকাছি দাঁড়ায়।এর আগে বাজার পরিস্থিতি নিয়ে ডিএসই ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সদস্যদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাজারের সাম্প্রতিক পরিস্থিতি, স্বাভাবিক লেনদেন নিশ্চিত করা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের বিষয়গুলো গুরুত্ব পায়।