Stock news
শেয়ারবাজারে মন্দার স্রোত: বিদেশি বিনিয়োগকারীদের বড় ধাক্কা
দেশের অর্থনৈতিক অনিশ্চয়তা ও শেয়ারবাজারের অব্যাহত অস্থিরতার মধ্যে বিনিয়োগ গুটিয়ে নেওয়ার প্রবণতা বাড়িয়েছে আন্তর্জাতিক ও বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। অক্টোবর মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার কেনার চেয়ে বিক্রির পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় নিট বৈদেশিক বিনিয়োগ ১৮১ কোটি টাকা ঋণাত্মক (আউটফ্লো) অবস্থায় পৌঁছেছে।
ডিএসইর হালনাগাদ তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত অক্টোবর মাসে বিদেশি বিনিয়োগকারীরা মোট ২৮৩ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন, যার বিপরীতে তাদের কেনার পরিমাণ ছিল মাত্র ১০২ কোটি টাকা। ওই মাসে বিদেশিদের মোট লেনদেনের (কেনা ও বেচা মিলে) পরিমাণ ছিল প্রায় ৩৮৫ কোটি টাকা।শেয়ার লেনদেন গাইড
বাজার বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের প্রেক্ষাপটে বিদেশি ফান্ডগুলো তাদের পোর্টফোলিও নতুন করে সাজাচ্ছে। শেয়ারের দর আকর্ষণীয় পর্যায়ে থাকা সত্ত্বেও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করতে অনেকেই নতুন করে বড় অঙ্কের অর্থ বিনিয়োগে বিলম্ব করছেন।
অক্টোবরে সবচেয়ে বেশি বিদেশি মূলধন প্রত্যাহার হয়েছে প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক এবং ওষুধ খাতের শীর্ষ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকে। এর মধ্যে প্রাইম ব্যাংক থেকে ৫০ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। ফলে সেপ্টেম্বর শেষে ব্যাংকে বিদেশিদের ধারিত ৫.১৪ শতাংশ শেয়ার কমে অক্টোবর শেষে দাঁড়ায় ৩.৬৯ শতাংশে। সিটি ব্যাংক থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ কোটি টাকা তুলে নিয়েছে বিদেশিরা, যার ফলে তাদের শেয়ারধারণের হার কমে ৭.০৮ শতাংশে নেমে আসে। এছাড়া শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস থেকে ৪৬ কোটি টাকার বিদেশি মূলধন প্রত্যাহার হওয়ায় কোম্পানিটিতে বিদেশিদের মালিকানা দাঁড়ায় ১৩.৮৯ শতাংশে।