Stock news
অবশেষে মিলছে বকেয়া টাকা: ২২ হাজার বিমা গ্রাহকের জন্য স্বস্তির খবর
দীর্ঘদিন ধরে আটকে থাকা বিমা দাবি নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটির প্রত্যক্ষ মধ্যস্থতায় চার ধাপে মোট ২২ হাজার ৩০ জন গ্রাহককে ৮৪ কোটি টাকারও বেশি বিমা দাবি পরিশোধের প্রক্রিয়া চলছে।
এরই ধারাবাহিকতায় ৪টি ধাপে মোট ৮৪.০৬ কোটি টাকা পরিশোধের চূড়ান্ত লক্ষ্য পূরণ হতে যাচ্ছে। আগামীকাল (০৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ ধাপে পাঁচটি জীবন বিমা কোম্পানির ৫ হাজার ৯৭২ জন গ্রাহকের হাতে তুলে দেওয়া হবে ২০.১৫ কোটি টাকা।
চতুর্থ ধাপে সবচেয়ে বড় অঙ্কের বিমা দাবি পরিশোধ করবে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটি তাদের ১,০৭৪ জন গ্রাহককে মোট ৮.৩৭ কোটি টাকা প্রদান করবে। এছাড়া হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ৩ হাজার ১৬৩ জন গ্রাহককে ৫.০৪ কোটি টাকা, পদ্মা ইসলামী লাইফ ১ হাজার ৩৫০ জন গ্রাহককে ৫ কোটি টাকা, প্রগ্রেসিভ লাইফ ৩৪৪ জন গ্রাহককে ১.৬৭ কোটি টাকা এবং বায়রা লাইফ ইন্স্যুরেন্স ৪১ জন গ্রাহককে ৭ লাখ টাকা পরিশোধ করবে।
এর আগে সম্পন্ন হওয়া তিনটি ধাপে ১৬ হাজার ৫৮ জন গ্রাহকের মাঝে ইতোমধ্যে ৬৩.৯১ কোটি টাকা বিতরণ করা হয়েছে। প্রথম ধাপে ২ হাজার ৫৪৯ জন গ্রাহক পেয়েছিলেন ১৪.৫১ কোটি টাকা, দ্বিতীয় ধাপে ৫ হাজার ৮৬৮ জন গ্রাহক পেয়েছিলেন ২৩.০৪ কোটি টাকা এবং তৃতীয় ধাপে ৭ হাজার ৬৪১ জন বিমা গ্রাহককে দেওয়া হয়েছিল ২৬.৩৭ কোটি টাকা।