শেয়ারবাজারে ফিরতে শুরু করেছেন বিদেশি বিনিয়োগকারীরা

Date: 2022-12-21 00:00:19
শেয়ারবাজারে ফিরতে শুরু করেছেন বিদেশি বিনিয়োগকারীরা
চার বছর পর দেশের শেয়ারবাজারে ফিরতে শুরু করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত দীর্ঘ প্রায় চার বছর বিদেশিরা শেয়ার কেনার চেয়ে বিক্রিই করেছেন বেশি।তবে ২০২২ সালের নভেম্বর মাসে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের আচরণে পরিবর্তন দেখা গেছে। নভেম্বর মাসে তাদের শেয়ার বিক্রির চেয়ে বেশি কিনতে দেখা গেছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বাজারে ভালো ভালো কোম্পানির শেয়ার অনেক কম দরে পাওয়া যাচ্ছে। তাই বিদেশিরা মুনাফার সম্ভাবনা দেখে বিনিয়োগে ফিরছেন।বিদেশি পোর্টফোলিও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা একটি ব্রোকারেজ হাউজের এক কর্মকর্তা জানান, বিদেশি বিনিয়োগকারীরা এখন বিক্রির চেয়ে শেয়ার কিনছেন বেশি। তিনি বলেন, ডলারের মূল্য অনেকটা স্থিতিশীল পর্যায়ে আসতে শুরু করছে। বিদেশিদের বিনিয়োগে ফেরার এটি একটি বড় কারণ তিনি মনে করেন।বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি বিনিয়োগকারীরা বাজারে ফিরতে শুরু করলে দেশি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যেও বাজারের প্রতি আগ্রহ বাড়বে। তারাও বাজারে বিনিয়োগে ফিরবেন। তাদের মতে, এটি অবশ্যই শেয়ারবাজারের জন্য একটি ইতিবাচক খবর।এর আগে ডলারের দাম বাড়ায় ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশের ফরেন ইনভেস্টররা শেয়ার বিক্রি করে দিয়েছিলেন। বাংলাদেশেও তাই হয়েছে। বিদেশিরা ডলারের দাম যখন দেখেছে খুব বেশি বেড়েছে তখন তারা শেয়ার বিক্রি করেছেন। পরবর্তীতে দেখছে ডলার মার্কেট কিছুটা সহনীয় পর্যায়ে চলে এসেছে, পাশাপাশি শেয়ারবাজারের ফ্লোর প্রাইস উঠছে না; তাই তারা এখন বিনিয়োগে ফিরছেন।প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, ২০২২ সালের নভেম্বর মাসে বিদেশিরা ১৯১ কোটি ৮৯ লাখ ১৭ হাজার ৮৭৩ টাকার শেয়ার কিনেছেন। বিপরীতে বিক্রি করেছেন মাত্র ৭০ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৪৪২ টাকা। অর্থাৎ নভেম্বর মাসে নিট বিনিয়োগ বেড়েছে ১২১ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৪৩১ টাকা।আগের বছর ২০২১ সালের নভেম্বর মাসে বিদেশিরা ৪১৬ কোটি ৭ লাখ ৪৩ হাজার ৬৬৪ টাকার শেয়ার কেনার বিপরীতে বিক্রি করেছিলেন ৫২৯ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার ৩৫০ টাকা। ২০২০ সালেও ১১৩ কোটি ৯০ লাখ ৩৪ হাজার ৬৮৬ টাকা বেশি শেয়ার বিক্রি করেছিলেন।চলতি বছরের অক্টোবর মাসে বিদেশিদের শেয়ার লেনদেন হয়েছে ১৮৭ কোটি ৭৬ লাখ ৬৬ হাজার ৯০ টাকা। এর মধ্যে ৮৭ কোটি ৫২ লাখ ৫২ হাজার ৪৪৪ টাকার শেয়ার কিনেছেন। বিপরীতে বিক্রি করেছেন ১০০ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৬৪৫ টাকার শেয়ার। আগের বছর ২০২১ সালে অক্টোবর মাসে বিদেশিরা শেয়ার কেনা-বেচা করেছিল ৩৭২ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৫৮১ টাকার।শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে জানা গেছে, গত চার বছরে (২০১৯-২০২২) শেয়ার বিক্রি করে শেয়ারবাজার ছেড়েছেন ১ লাখ ৫ হাজার ১৪১টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টধারী। ২০১৯ সালে ১ ফেব্রুয়ারি বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১ লাখ ৬৮ হাজার ৯৫টি।সেখান থেকে ১ লাখ ৫ হাজার ১৪১টি কমে চলতি বছরের ১ ডিসেম্বর দাঁড়িয়েছে ৬২ হাজার ৯৫৪টিতে। অর্থাৎ ১ লাখ ৫ হাজার বিওধারী বিদেশি বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে টাকা নিয়ে চলে গেছেন।

Share this news