শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি

Date: 2026-09-14 10:00:01
শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
একটি শক্তিশালী ও কার্যকর শেয়ারবাজার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, শেয়ারবাজার যত বেশি শক্ত ভিত্তির ওপর পরিচালিত হবে, এর সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন উপাদানও দেশের অর্থনীতিতে তত বেশি কার্যকর ভূমিকা রাখার সুযোগ পাবে।রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রামে সিএসইর কার্যালয়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (এইচসিপিএসসি) ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৬৫ শিক্ষার্থীর শিক্ষা সফর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।এ সময় সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বলেন, একটি দেশের আর্থিক কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো শেয়ারবাজার। এ বাজারকে কার্যকর ও টেকসইভাবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার জ্ঞান, দক্ষতা এবং পেশাদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দক্ষতা ও জ্ঞান যত বাড়বে, শেয়ারবাজারের কার্যক্রমও তত বেশি গতিশীল ও কার্যকর হবে।তিনি বলেন, শেয়ারবাজারকে কেবল শেয়ার কেনাবেচার মাধ্যম হিসেবে দেখলে এর প্রকৃত ভূমিকা বোঝা যাবে না। মানুষের সঞ্চিত অর্থ বিনিয়োগের সুযোগ তৈরির পাশাপাশি ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় নতুন মূলধন সংগ্রহের সুযোগও তৈরি করে এই বাজার। এ কারণে শেয়ারবাজারের কার্যক্রম অর্থনীতির বিভিন্ন খাতের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

Share this news