Skip to content
Latest stories

Stock news

পুঁজিবাজারের সংকট কাটাতে কর্মপরিকল্পনা নিতে হবে —ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবনির্বাচিত চেয়ারম্যান ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেছেন, ‘‌পুঁজিবাজার বর্তমানে এক সংকটময় সময় পার করছে৷ এ সংকট থেকে উত্তরণের জন্য উভয় স্টক এক্সচেঞ্জকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের দিকে তাকিয়ে আছেন লাখ লাখ বিনিয়োগকারী। বর্তমানে বিনিয়োগকারীদের মাঝে যে আস্থার সংকট চলছে, সে অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হবে৷। এজন্য আমাদের একটি কর্মপরিকল্পনা নিতে হবে।৷ যেকোনো মূল্যেই হোক বিনিয়োগকারী তথা পুঁজিবাজারসংশ্লিষ্ট সব পক্ষকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি পুঁজিবাজারকে গতিময় করে তুলতে হবে।’গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে এ নবনির্বাচিত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিএসইর পুনর্নির্বাচিত চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। এ সময় ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এসব কথা বলেন। সাক্ষাৎকালে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম সাইফুর রহমান মজুমদার, নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, শেয়ারহোল্ডার পরিচালক শরীফ আনোয়ার হোসেন ও সিএসইর এমডি (ভারপ্রাপ্ত) গোলাম ফারুক উপস্থিত ছিলেন।ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, ‘‌দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পায়ন প্রয়োজন। আর শিল্পায়নে দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহের উৎস হলো পুঁজিবাজার। তাই পুঁজিবাজারকে প্রাণবন্ত করার জন্য ভালো কোম্পানি আনার পাশাপাশি ভালো বিনিয়োগকারী আনার ব্যাপারে যৌথভাবে উদ্যোগ নিয়ে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’এ সময় সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, ‘‌পুঁজিবাজারে আরো বেশি পরিমাণে ভালো সিকিউরিটিজ লিস্টেড এবং আরো প্রডাক্ট চালু করতে হবে।৷ তথ্যপ্রযুক্তির ওপর আমাদের যথেষ্ট জোর দিতে হবে, যাতে আমরা পুঁজিবাজারকে আরো অনেক বিকশিত করতে পারি।৷ আমরা এ বিষয়ে একমত হয়েছি, উভয় স্টক এক্সচেঞ্জই একসঙ্গে পরামর্শমূলক মেকানিজম ও আলোচনার মাধ্যমে বিভিন্ন সুপারিশ নিয়ে রেগুলেটরের কাছে যাব, যাতে বাংলাদেশের পুঁজিবাজারে ভালো একটা পরিবর্তন আনতে পারি।’

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play