Skip to content
Latest stories

Stock news

প্রথমার্ধে বিক্রি কমেছে ফু-ওয়াং ফুডসের

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় বিক্রি কমেছে প্রায় ৫ শতাংশ। তবে আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফায় বড় প্রবৃদ্ধি হয়েছে। কোম্পানির সর্বশেষ প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোব-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে ফু-ওয়াং ফুডস লিমিটেডের বিক্রি হয়েছে ৫৭ কোটি ৮৮ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এ বিক্রি ছিল ৬০ কোটি ৯১ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি কমেছে ৩ কোটি ৩ লাখ টাকা বা ৪ দশমিক ৯৮ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ কোটি ৬০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ কোটি ২ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫৮ লাখ টাকা বা ৫৭ দশমিক ৪৭ শতাংশ। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৯ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১১ টাকা ৬৯ পয়সা। এদিকে আলোচ্য হিসাব বছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য শূন্য দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মার্চ।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৬ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ৫ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩ টাকা ১৮ পয়সায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১১ টাকা ৮৫ পয়সা। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরেও শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫০ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play