Stock news
পাবলিক অফারের অর্থ ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিতে নতুন উদ্যোগ বিএসইসির
শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও পুনঃপ্রাথমিক গণপ্রস্তাবের (আরপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, পাবলিক অফারের মাধ্যমে সংগৃহীত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ঋণ পরিশোধে এবং ৭০ শতাংশ যৌথ উদ্যোগ, সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ কিংবা ব্যবসা অধিগ্রহণে ব্যয় করা যাবে। একই সঙ্গে অর্থ ব্যবহারে পৃথক এসক্রো হিসাব খোলা, আর্থিক তথ্য যাচাই এবং নিরীক্ষিত প্রতিবেদন দাখিলের বাধ্যবাধকতা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
আজ রোববার ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’-এর সংশোধিত খসড়া জনমত গ্রহণের জন্য প্রকাশ করেছে বিএসইসি। খসড়াটির বিষয়ে মতামত, পরামর্শ ও আপত্তি জানানোর শেষ সময় আগামী ২ নভেম্বর। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।
প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, ঋণ পরিশোধের জন্য বরাদ্দ অর্থ নির্দিষ্ট প্রকল্প বা ব্যবসার ভারসাম্য রক্ষা, আধুনিকীকরণ, পুনর্বাসন ও সম্প্রসারণের (বিএমআরই) কাজে ব্যয় করা হয়ে থাকতে হবে। ঋণের অর্থ নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে কি না, তা নিরীক্ষকের প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে পরিশোধযোগ্য ঋণ খেলাপি কিংবা পুনঃতফসিলকৃত হওয়া চলবে না। এ শর্ত পূরণের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অথবা প্রধান নির্বাহীর স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র বিএসইসি ও স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে।