Stock news
নাহি অ্যালুমিনিয়ামের আর্থিক প্রতিবেদনে বড় অসঙ্গতি
শেয়ারবাজারে তালিকাভুক্ত নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসির আর্থিক প্রতিবেদনে একাধিক গুরুত্বপূর্ণ অসঙ্গতি পেয়েছে নিরীক্ষক। কোম্পানিটির ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে সরবরাহকারী ও জমি কেনার জন্য দেওয়া প্রায় ১১ কোটি ৬৮ লাখ টাকার অগ্রিমের পক্ষে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি প্রায় ২৫ কোটি ৩৭ লাখ টাকার পাওনা অর্থের যথার্থতা ও আদায়যোগ্যতা নিয়েও পর্যাপ্ত নিরীক্ষা প্রমাণ সংগ্রহ করতে পারেননি নিরীক্ষক। এর সঙ্গে প্রায় ৩৬ কোটি ৮৩ লাখ টাকার স্থায়ী সম্পদের অবচয় হার পরিবর্তনের ক্ষেত্রেও আন্তর্জাতিক হিসাবমান যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসব অসংগতির মধ্যে সবচেয়ে গুরুতর হিসেবে উঠে এসেছে অগ্রিম অর্থ পরিশোধের বিষয়টি। কোম্পানির আর্থিক বিবরণীতে কাঁচামাল ও জমি কেনার জন্য ১১ কোটি ৬৮ লাখ ৩৪ হাজার ৯৪৪ টাকা অগ্রিম দেওয়ার তথ্য দেখানো হলেও সংশ্লিষ্ট সরবরাহকারীদের বিস্তারিত পরিচয় ও লেনদেনের সমর্থনে প্রয়োজনীয় নথিপত্র নিরীক্ষকের কাছে উপস্থাপন করা হয়নি। ফলে অর্থের হিসাব সঠিক কি না এবং তা ফেরত পাওয়া কিংবা সংশ্লিষ্ট পণ্য বা সম্পদ বুঝে পাওয়া সম্ভব হবে কি না, সে বিষয়ে নিরীক্ষক নিশ্চিত হতে পারেননি।
এ কারণে কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত (কোয়ালিফায়েড ওপিনিয়ন) দিয়েছেন নিরীক্ষক। একই সঙ্গে স্থায়ী সম্পদের অবচয় নির্ধারণ ও গ্রাহকের কাছে পাওনা অর্থের বিষয়ে পৃথকভাবে বিশেষ গুরুত্বারোপ করেছেন। তবে বিশেষ গুরুত্বারোপ করা বিষয় দুটির কারণে নিরীক্ষকের মতামত অতিরিক্ত পরিবর্তিত হয়নি বলে প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে।