Skip to content
Latest stories

Stock news

কনফিডেন্স সিমেন্টের মুনাফা কমেছে ২৭%

চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আগের বছরের একই সময়ের তুলনায় আয় বাড়লেও নিট মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ১৬ শতাংশ। তবে একই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা কমেছে ২৭ শতাংশের বেশি। সিমেন্ট খাতের কোম্পানিটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কনফিডেন্স সিমেন্টের সমন্বিত আয় হয়েছে ৯০ কোটি ৩ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে এ আয় ছিল ৭৭ কোটি ৮৩ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত আয় কমেছে ১২ কোটি ১৯ লাখ টাকা বা ১৫ দশমিক ৬৭ শতাংশ। প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ১৩ কোটি ১৭ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ কোটি ১০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা কমেছে ৪ কোটি ৯৩ লাখ টাকা বা ২৭ দশমিক ২৫ শতাংশ। চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩১ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩ টাকা ৯৫ পয়সায়।৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ১০ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ৩১ ডিসেম্বর বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৪৩ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১৫ টাকা ৮৫ পয়সা (পুনর্মূল্যায়িত)। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২ টাকা ২৬ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৭৩ টাকা ৮ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play