Skip to content
Latest stories

Stock news

কনফিডেন্স পাওয়ারের ভিশন ২০৩৫, লক্ষ্য পরিচ্ছন্ন জ্বালানিতে বড় বিনিয়োগ

প্রতিষ্ঠার পাঁচ বছরের মধ্যে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করেছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি পিএলসি। উত্তরবঙ্গের বগুড়া, রংপুর ও চিরিরবন্দরে স্থাপিত চারটি বিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে এ সক্ষমতা গড়ে তুলেছে কোম্পানিটি। কেন্দ্রগুলোতে উচ্চ দক্ষতাসম্পন্ন জার্মান ইঞ্জিন ও কো-জেনারেশন প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের সামগ্রিক দক্ষতা বাড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক খালেদ ইসলাম। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জির রোড শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিনিয়োগকারী, সাংবাদিক এবং নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের সামনে কোম্পানির কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা, আর্থিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন তিনি। খালেদ ইসলাম জানান, যাত্রা শুরুর মাত্র দুই বছরের মধ্যেই কোম্পানিটি চারটি বিদ্যুৎকেন্দ্র চালু করতে সক্ষম হয়। পাশাপাশি কেন্দ্রগুলোর কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে নিজস্ব জ্বালানি সরবরাহব্যবস্থাও গড়ে তোলা হয়েছে। দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সরবরাহ চুক্তির আওতায় কেন্দ্রগুলো পরিচালিত হওয়ায় কোম্পানির আয় ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা পাচ্ছে। তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রগুলোতে জার্মান প্রযুক্তির ইঞ্জিন ও টার্বোচার্জিং ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি কো-জেনারেশন প্রযুক্তি ব্যবহার করে ইঞ্জিন থেকে উৎপন্ন তাপ কাজে লাগিয়ে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এসব প্রযুক্তির সমন্বয়ে বিদ্যুৎ উৎপাদনের সামগ্রিক দক্ষতা প্রায় ৪৫ শতাংশে উন্নীত হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play