কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে দাম বাড়িয়ে–কমিয়ে দেখানোর সুযোগ থাকবে না: বিএসইসি চেয়ারম্যান

Date: 2022-12-06 00:00:10
কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে দাম বাড়িয়ে–কমিয়ে দেখানোর সুযোগ থাকবে না: বিএসইসি চেয়ারম্যান
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, দেশে এখন কমোডিটি এক্সচেঞ্জ চালুর কাজ চলছে। এটি চালু হলে সারা পৃথিবীর পাশাপাশি নিজেদের বাজার পরিস্থিতি দেশে বসেই দেখা যাবে। এতে পণ্য আমদানি–রপ্তানির ক্ষেত্রে আন্ডার ইনভয়েসিং (দাম কমিয়ে দেখানো) ও ওভার ইনভয়েসিংয়ের (দাম বাড়িয়ে দেখানো) সুযোগ থাকবে না।ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের পুঁজিবাজারের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার ঢাকায় ইআরএফ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে ছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সাবেক সভাপতি আজম জে চৌধুরী এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকারস অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সহসভাপতি মো. মনিরুজ্জামান। সেমিনারে সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি শারমিন রিনভী। সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম।বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘সারা পৃথিবীতে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সংখ্যা ৮০-৯০ শতাংশ। কিন্তু আমাদের দেশে ঠিক উল্টো। এখানে ৮০ শতাংশ ক্ষুদ্র বিনিয়োগকারী। তাঁদের সুরক্ষা দিতেই হবে আমাদের। সে কারণে আমরা ফ্লোর প্রাইস দিয়ে সাময়িক একটা ব্যবস্থা নিয়েছি। তবে এটা স্থায়ী কোনো ব্যবস্থা নয়।’ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, ‘আমাদের বাজারে জেনেবুঝে বিনিয়োগ করা বিনিয়োগকারীর সংখ্যা কম। অধিকাংশই মানুষের কথা শুনে বিনিয়োগ করে, এটাই আমাদের বড় চ্যালেঞ্জ। এ ছাড়া এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও দক্ষ জনবলের সংখ্যাও কম।’ তিনি আরও বলেন, ‘আমাদের বাজারে নীতি সহায়তা অপর্যাপ্ত। ব্যাংকের সুদের হার ৬/৯ শতাংশ। তার অর্থ আমি ব্যাংক থেকে ৯ শতাংশ সুদে ঋণ নিতে পারব। বড় কোম্পানিগুলো ব্যাংকের কাছে গেলে ৮ শতাংশ সুদে ঋণ দেবে। তখন কি তারা পুঁজিবাজারে আসবে? কারণ, পুঁজিবাজারে আসলে আরও বেশি হারে লভ্যাংশ দিতে হবে।’

Share this news