জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে দুই বছর সময় দরকার: বাণিজ্যমন্ত্রী

Date: 2026-08-16 18:56:09
জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে দুই বছর সময় দরকার: বাণিজ্যমন্ত্রী
দেশের জ্বালানি সংকট মোকাবিলা করে স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে সরকারের প্রায় দুই বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।তিনি বলেন, দেশে জ্বালানি সংকটের চ্যালেঞ্জগুলো এখন স্পষ্ট। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে সময় দিতে হবে। জ্বালানি টার্মিনালের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন কূপ খনন করা হলে জ্বালানিতে দেশের স্বয়ংসম্পূর্ণতা বাড়বে।শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেটের একটি হলরুমে ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ২০২৬-২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়নবিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বর্তমানে দৈনিক জ্বালানির চাহিদা সরবরাহের চেয়ে দ্বিগুণ। পাশাপাশি বছরের এই সময়ে অন্যান্য মৌসুমের তুলনায় চাহিদা বেশি থাকে, যার ফলে সংকটটি আরও দৃশ্যমান হয়েছে।’তিনি আরও বলেন, অর্থনৈতিক অগ্রগতির জন্য বড় বিনিয়োগ প্রয়োজন। তাই জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে মালয়েশিয়া থেকে এলএনজি আমদানিরও চেষ্টা করা হচ্ছে।মন্ত্রী বলেন, জ্বালানি টার্মিনালের সক্ষমতা বাড়ানো এবং নতুন কূপ খননের মাধ্যমে দেশের জ্বালানি সরবরাহ সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। তবে এসব অবকাঠামো ও প্রকল্প বাস্তবায়নে সময় প্রয়োজন।কৃষি খাতের সম্ভাবনা নিয়ে বাণিজ্য ও শিল্পমন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে সাফল্যের জন্য সরকারের আগামী দিনের লক্ষ্য হলো কৃষিকাজ থেকে সর্বোচ্চ রিটার্ন নিশ্চিত করা। কৃষির বিপুল সম্ভাবনাকে সরকার পরিকল্পিতভাবে কাজে লাগাবে।কৃষি উন্নয়ন প্রকল্পের কর্মশালা শেষে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বন বিভাগ আয়োজিত বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

Share this news