জেএমআই সিরিঞ্জেসের পর্ষদ সভা আজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেস লিমিটেডের পর্ষদ সভা আজ বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) জেএমআই সিরিঞ্জেস অ্যান্ড মেডিকেল ডিভাইসেসের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৪৯ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে মুনাফা ছিল ৮ কোটি ৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১ কোটি ৪২ লাখ টাকা বা ১৭ দশমিক ৬৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩০ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে আয় ছিল ৩ টাকা ৬৫ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৩ টাকা ৯৯ পয়সা।অন্যদিকে ২০২১-২২ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ১ কোটি ৭০ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪০ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ৭৭ পয়সা।এর আগের ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে জেএমআই সিরিঞ্জেস। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩৫ পয়সা।