Skip to content
Latest stories

Stock news

জাহিন স্পিনিংয়ে যত অনিয়ম

শেয়ারবাজারে তালিকাভুক্ত ও ব্যবসায় ডুবতে থাকা জাহিন স্পিনিংয়ে স্থায়ী সম্পদ ক্রয়ে আয়কর অধ্যাদেশের লঙ্ঘন খুঁজে পেয়েছে নিরীক্ষক। এছাড়া গ্রাহকদের কাছে পাওনা টাকা ও পণ্য বিক্রির প্রমাণাদি পাওয়া যায়নি। যা না থাকার কারনে গুরুতর অনিয়ম হয়ে থাকতে পারে বলে সন্দেহ করেছে নিরীক্ষক।নিরীক্ষক জানিয়েছেন, জাহিন স্পিনিং কর্তৃপক্ষ ২০২১-২২ অর্থবছরে স্থায়ী সম্পদ প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইক্যুপমেন্ট হিসাবে ওয়ার্ক ইন প্রগ্রেস থেকে স্থানান্তর ৫ কোটি ৬৪ লাখ টাকা এবং ওয়ার্ক ইন প্রগ্রেস হিসাবে নতুন যুক্ত ১ কোটি ১৪ লাখ টাকা দেখিয়েছে। এরমধ্যে মাত্র ৯০ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হয়েছে। এছাড়া ২ কোটি ৩৪ লাখ টাকা বকেয়া হিসেবে দায় এবং বাকি টাকা দেনাদারের সঙ্গে সমন্বয় করা হয়েছে। এক্ষেত্রে এআইটি ও ভ্যাট হিসাব না করে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ৩০(এম) এবং ধারা ৪৮ লঙ্ঘন করা হয়েছে।এদিকে ওই প্লান্ট অ্যান্ড মেশিনারীজের মধ্যে ৫ কোটি ৯ লাখ টাকার অখ্যাত প্রতিষ্ঠান ঢাকা এন্টারপ্রাইজ থেকে কেনা হয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক। এক্ষেত্রে মানসম্মত ক্রয় প্রক্রিয়া অনুসরন করা হয়নি। এছাড়া ওই কেনা সম্পদের বিষয়ে নিরীক্ষার জন্য পর্যাপ্ত প্রমাণাদি পাননি বলে জানিয়েছেন নিরীক্ষক। যেখানে ওই সম্পদ নিয়ে আর্থিক হিসাবে ভুল তথ্য দেওয়া হতে পারে।জাহিন স্পিনিং কর্তৃপক্ষ গত ৩০ জুন গ্রাহকদের কাছে ৩৭ কোটি টাকা পাওনা এবং ২০২১-২২ অর্থবছরে গ্রাহকদের কাছ থেকে ৩৭ কোটি ২৩ লাখ টাকা আদায় দেখিয়েছে। কিন্তু ব্যাংক হিসাবে শুধুমাত্র ৮ কোটি ২১ লাখ টাকা আদায়ের তথ্য পাওয়া গেছে। এছাড়া গ্রাহকদের কাছে পাওনা টাকার বিষয়ে লিখিত দিয়েও কোন সাড়া পাওয়া যায়নি। যদিও কোম্পানি কর্তৃপক্ষ ৮ কোটি ৩৪ লাখ টাকার প্রভিশনিং গঠন করেছে।কোম্পানিটির আর্থিক হিসাবে ৩৩ কোটি ৭৬ লাখ টাকার পণ্য বিক্রি দেখানো হয়েছে। এরমধ্যে শুধুমাত্র ৮ কোটি ২১ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে পাওয়া গেছে। বাকি টাকা নগদে আদায় ও ঢাকা এন্টারপ্রাইজের থেকে ক্রয়ের সঙ্গে সমন্বয় করা হয়েছে। এসব বিষয়ে নিরীক্ষার জন্য পর্যাপ্ত প্রমাণাদি পাননি বলে জানিয়েছেন নিরীক্ষক।উল্লেখ্য, ২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া জাহিন স্পিনিংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ১১৩ কোটি ৮৩ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৮.৯০ শতাংশ। কোম্পানিটির সোমবার (১৯ ডিসেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ১২.৮০ টাকায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play