Stock news
ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১২০ কোটি টাকার এফডিআর নিয়ে শঙ্কা!
শেয়ারবাজারে তালিকাভুক্ত সাধারণ বিমা খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ইন্স্যুরেন্সের প্রায় ১২০ কোটি টাকার স্থায়ী আমানত বা এফডিআর নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। কোম্পানিটির ২০২৫ অর্থবছর-এর আর্থিক প্রতিবেদনের নিরীক্ষায় ৪৬টি ব্যাংকে রাখা এসব এফডিআরের অস্তিত্ব ও প্রকৃত মূল্য স্বাধীনভাবে যাচাই করতে ব্যর্থ হয়েছেন নিরীক্ষকরা। এর মধ্যে দেশের আর্থিকভাবে দুর্বল ৫টি ব্যাংকে প্রতিষ্ঠানটির প্রায় ২৬ কোটি ৩৯ লাখ টাকার আমানত আটকে রয়েছে। এসব অর্থ উদ্ধারের দৃশ্যমান কোনো নিশ্চয়তা না থাকলেও সম্ভাব্য লোকসান বা প্রভিশন বাবদ কোনো অর্থ আলাদা করে সঞ্চিতি (ইমপেয়ারমেন্ট প্রভিশন) রাখেনি কোম্পানিটি।
ইস্টার্ন ইন্স্যুরেন্সের সদ্য প্রকাশিত নিরীক্ষা প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্যগুলো বেরিয়ে এসেছে। নিরীক্ষকদের পর্যবেক্ষণ বলছে, বিভিন্ন ব্যাংকে ছড়ানো প্রায় ১২০ কোটি টাকার এই এফডিআর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, যা কোম্পানিটির নগদ ও সমতুল্য সম্পদের প্রায় ৯৮ শতাংশ এবং মোট সম্পদের ঠিক অর্ধেক। ফলে আর্থিক প্রতিবেদনে প্রদর্শিত এসব আমানতের সত্যতা, মূল্য এবং আদায়যোগ্যতা নিয়ে খোদ নিরীক্ষক পর্যায়েই বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।