Skip to content
Latest stories

Stock news

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৪৫ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সদ্য তালিকাভুক্ত হওয়া ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের (আইসিআইসিএল) শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৪৫ শতাংশের বেশি বেড়েছে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া শেষে গত সপ্তাহের প্রথম কার্যদিবসে ১৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন শুরু করে আইসিআইসিএল। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়ায় ১৯ টাকা ৩০ পয়সায়। সে হিসাবে পাঁচ কার্যদিবসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ টাকা বা ৪৫ দশমিক ১১ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৭ হাজার ৯১৫টি শেয়ার লেনদেন হয়েছে।চলতি বছরের ১৫ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৩৮তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ২ কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে সর্বমোট ২০ কোটি ২৬ লাখ টাকা উত্তোলনের অনুমোদন পেয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। এরই মধ্যে আইপিওর মাধ্যমে অনুমোদিত অর্থ উত্তোলন করেছে কোম্পানিটি। উত্তোলিত অর্থ ফিক্সড ডিপোজিট, সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ১৯ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৫৭ লাখ টাকা বা ২১ দশমিক ৫৮ শতাংশ। চলতি বছরের তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫ পয়সা। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) পরবর্তী শেয়ার গণনায় যা ৬৩ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৬৯ পয়সায়। আইপিও-পরবর্তী শেয়ার গণনায় যা দাঁড়ায় ১৫ টাকা ৮১ পয়সায়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play