ইসলামী ব্যাংকের নিয়োগে বড় অনিয়ম, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন

Date: 2026-09-23 10:00:04
ইসলামী ব্যাংকের নিয়োগে বড় অনিয়ম, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ১০ হাজার ৮৩২ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এর মধ্যে ৮ হাজার ৫৪২ জনকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই শুধু জীবনবৃত্তান্তের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শন প্রতিবেদনে উঠে এসেছে। এসব নিয়োগপ্রাপ্তের বড় একটি অংশ চট্টগ্রামের বাসিন্দা। শুধু পটিয়া উপজেলারই রয়েছেন ৫ হাজার ১৪৮ জন।২০১৭ সাল থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকের নিয়োগ এবং ৫ আগস্টের পর কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়ায় নিয়মকানুন অনুসরণ করা হয়েছিল কি না, তা যাচাই করতে চলতি বছরের এপ্রিলে সাত সদস্যের একটি কমিটি গঠন করে বাংলাদেশ ব্যাংক। নির্বাহী পরিচালক আরিফুজ্জামানের নেতৃত্বাধীন কমিটি সম্প্রতি তাদের প্রতিবেদন গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে জমা দিয়েছে।প্রতিবেদনটিতে মূলত নিয়োগ ও পরবর্তী ছাঁটাইয়ের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে; কোনো সুপারিশ করা হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্ট ইসলামী ব্যাংকে মোট কর্মী ছিলেন ২১ হাজার ৫৫১ জন। এর মধ্যে ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নিয়োগ দেওয়া হয় ১০ হাজার ৮৩২ জনকে। তাদের মধ্যে ৮ হাজার ৫৪২ জনের নিয়োগে কোনো বিজ্ঞপ্তি বা প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয়নি।

Share this news