Skip to content
Latest stories

Stock news

গ্লোবাল হেভি কেমিক্যালসের পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেডের পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬৮ পয়সা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৬০ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ৫৩ টাকা ৮২ পয়সায় দাঁড়িয়েছে।এর আগের ২০২০-২১ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে অন্য বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩৪ পয়সা। ২০১৯-২০ হিসাব বছরেও কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস ছিল ২৫ পয়সা।৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে গ্লোবাল হেভি কেমিক্যালস। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৪ পয়সা। ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৫৫ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৪ টাকা ৬৫ পয়সা।২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় গ্লোবাল হেভি কেমিক্যালস। ২০১৭ হিসাব বছরেও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা। এছাড়া ২০১৬ সালের ৩০ জুন ১৮ মাসে সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৫ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৯ টাকা ৭০ পয়সা ও ৪৪ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play