Skip to content
Latest stories

Stock news

এরা-ইনফোটেকের শেয়ার বিক্রি করবে ব্যাংক এশিয়া

তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি এরা-ইনফোটেক লিমিটেডের ৯৭ হাজার ৮৪৪টি শেয়ার বিক্রির সিদ্ধান্ত অনুমোদন করেছে ব্যাংক এশিয়া লিমিটেডের পর্ষদ। মূলত কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পরিপালনের জন্য কোম্পানিটির ধারণ করা শেয়ার কমিয়ে আনতে এ সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, ব্যাংক এশিয়ার কাছে থাকা এরা-ইনফোটেকের ৯৭ হাজার ৮৪৪টি শেয়ার ৪৮ লাখ ৯২ হাজার ২০০ টাকায় বিক্রি করা হবে। বর্তমানে ব্যাংক এশিয়ার কাছে এরা-ইনফোটেকের ২০ শতাংশ শেয়ার রয়েছে। এটি কমিয়ে ১০ শতাংশে আনতে চায় ব্যাংকটি। আলোচ্য ৯৭ হাজার ৮৪৪টি শেয়ারের ক্রয়মূল্য ছিল ১ লাখ ৯১ হাজার ৭৭৪ টাকা। এ শেয়ার বিক্রির মাধ্যমে ব্যাংকটির ৪৭ লাখ ৪২৬ টাকা মূলধনি মুনাফা হবে। সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬৮ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩৬ পয়সায়। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৫১ পয়সায়।৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ব্যাংক এশিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা, যেখানে আগের হিসাব বছরে আয় ছিল ১ টাকা ৭৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৩ টাকা ৩৩ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৩ টাকা ৩৪ পয়সা। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংক এশিয়া। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৮ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play