Stock news
এজিএমের পরদিনই ডিভিডেন্ড বিতরণ: শেয়ারবাজারে ঐতিহাসিক রেকর্ড
দেশের শেয়ারবাজারে নজিরবিহীন এক ঐতিহাসিক রেকর্ড গড়ল তালিকাভুক্ত টেক জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হওয়ার মাত্র এক দিনের মাথায় ২০২৫-২৬ অর্থ বছরের জন্য অনুমোদিত ১৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সাধারণ বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে এই নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। শেয়ারবাজারের ইতিহাসে এর আগে এত দ্রুততম সময়ে ডিভিডেন্ড বিতরণের কোনো নজির দেখা যায়নি।
কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব মো. রফিকুল ইসলাম, এফসিএসের দেওয়া তথ্যমতে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিজিটাল প্ল্যাটফর্মে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ২০তম এজিএম সফলভাবে সম্পন্ন হয়। সাধারণ ও প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে আয়োজিত উক্ত সভায় পরিচালনা পর্ষদ প্রস্তাবিত ১৮০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভা শেষের ঠিক পরদিনই ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ ডিভিডেন্ডের টাকা পাঠিয়ে দেয় কোম্পানিটি।
মো. রফিকুল ইসলাম জানান, কোম্পানির সুদৃঢ় তারল্য অবস্থান, আধুনিক প্রযুক্তিগত অবকাঠামো, পরিচালনা পর্ষদের গতিশীলতা এবং পেশাদার কর্মদক্ষতার কারণেই এজিএম সম্পন্ন হওয়ার পরদিনই ক্যাশ ডিভিডেন্ড বিতরণ করা সম্ভব হয়েছে। দ্রুততম সময়ে ডিভিডেন্ডের অর্থ বুঝিয়ে দিয়ে ওয়ালটন শেয়ারবাজারে করপোরেট সুশাসনের অনন্য এক মানদণ্ড তৈরি করল।