এআইয়ের আড়ালে ভয়ংকর ঝুঁকি, শেয়ারবাজার নিয়ে সতর্কবার্তা

Date: 2026-09-01 10:00:06
এআইয়ের আড়ালে ভয়ংকর ঝুঁকি, শেয়ারবাজার নিয়ে সতর্কবার্তা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশ বিশ্ব অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও এর সঙ্গে বাড়ছে বড় ধরনের ঝুঁকি। বিশেষ করে উন্নত এআই মডেল ব্যবহার করে সাইবার হামলার সক্ষমতা আরও বেড়ে গেলে তা বৈশ্বিক আর্থিক ব্যবস্থা, বিনিয়োগকারীদের আস্থা এবং শেয়ারবাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি।জি-২০ জোটভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের কাছে পাঠানো এক চিঠিতে এ সতর্কবার্তা দেন বেইলি। তিনি বলেন, এআই প্রযুক্তি যেভাবে দ্রুত উন্নত হচ্ছে, সেই গতির সঙ্গে তাল মিলিয়ে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও ঝুঁকি মোকাবিলার ব্যবস্থা তৈরি হচ্ছে না। এর ফলে আর্থিক খাতের স্থিতিশীলতা ভবিষ্যতে বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে।সোমবার পাঠানো দুই পৃষ্ঠার ওই চিঠিতে বেইলি বিশেষভাবে আধুনিক ‘ফ্রন্টিয়ার এআই মডেল’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব মডেল ক্রমেই জটিল কাজ সম্পাদন এবং স্বয়ংক্রিয়ভাবে সমস্যা সমাধানে আরও সক্ষম হয়ে উঠছে। একই সঙ্গে এগুলোর সম্ভাব্য অপব্যবহার ও সাইবার হামলায় ব্যবহারের ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন তিনি।আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিয়ে কাজ করা ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ডের (এফএসবি) প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন বেইলি। ওই দায়িত্বের আলোকে তিনি বলেন, উন্নত এআই প্রযুক্তির কারণে বাড়তে থাকা সাইবার ঝুঁকি বর্তমানে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্য অন্যতম তাৎক্ষণিক উদ্বেগের বিষয়।বেইলির আশঙ্কা, ফ্রন্টিয়ার এআই সাইবার হামলার গতি, পরিসর ও কার্যকারিতায় বড় পরিবর্তন আনতে পারে। কোনো আক্রমণ যদি উন্নত এআইয়ের সহায়তায় আরও দ্রুত ও ব্যাপকভাবে পরিচালিত হয়, তাহলে এর প্রভাব একটি প্রতিষ্ঠান বা দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় ছড়িয়ে পড়তে পারে।

Share this news