দুর্বল বাজার মনিটরিংয়ে সক্রিয় অসাধু চক্র, অস্থিরতায় বিনিয়োগকারীরা

Date: 2026-09-03 14:00:08
দুর্বল বাজার মনিটরিংয়ে সক্রিয় অসাধু চক্র, অস্থিরতায় বিনিয়োগকারীরা
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজারে সূচকের অস্থির ওঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি প্রধান সূচক ঊর্ধ্বমুখী থাকলেও টাকার অঙ্কে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে।বাজারসংশ্লিষ্টদের ভাষ্য, বৃহস্পতিবার লেনদেনের শুরুতে সূচক কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও মধ্যাহ্নের পর থেকে সূচকের ওঠানামায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এতে বাজারের লেনদেনের গতিপ্রকৃতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের দ্বিধা তৈরি হয়।তাদের মতে, নিয়ন্ত্রক সংস্থার দুর্বল বাজার মনিটরিংয়ের সুযোগ কাজে লাগিয়ে একটি অসাধু চক্র সক্রিয় রয়েছে। নিজেদের স্বার্থ হাসিল করতে চক্রটি নানা কৌশলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বা প্যানিক তৈরি করার চেষ্টা করে। এর ফলে ভীত হয়ে বিনিয়োগকারীরা কম দামে শেয়ার বিক্রি করলে সেই সুযোগে চক্রটি কম দরে শেয়ার কিনে নেওয়ার চেষ্টা করে।তবে আগের তুলনায় বিনিয়োগকারীরা এখন অনেক বেশি সতর্ক বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। ফলে সূচকে পতনের প্রবণতা দেখা দিলেই বিনিয়োগকারীরা তাড়াহুড়া করে শেয়ার বিক্রি না করে অপেক্ষা করছেন। এর প্রভাবে সূচকের গতি শ্লথ হওয়ার পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমে আসছে।

Share this news