দরপতন শেষে উত্থান, বিনিয়োগকারীদের সামনে মুনাফার সুযোগ
টানা দরপতনের কারণে সাম্প্রতিক সময়ে কিছুটা চাপের মধ্যে থাকলেও আবারও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ারবাজার। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি লেনদেন ও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়ায় বাজারে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যেও আস্থা ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।বাজার সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক দরপতনের সময়ে তুলনামূলক কম দামে কেনা ভালো মৌলভিত্তির শেয়ারগুলো থেকে বাজার ঘুরে দাঁড়ালে বিনিয়োগকারীদের মুনাফা করার সুযোগ তৈরি হতে পারে।গত সোমবার স্বাভাবিক দর সংশোধনের পর মঙ্গলবার সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছিল। এর পর আজ (২৩ সেপ্টেম্বর) সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক বাড়ার পাশাপাশি টাকার অংকে লেনদেনও বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে।বাজার সংশ্লিষ্টদের মতে, বাজারে ধারাবাহিক দরপতন সবসময় নেতিবাচক নয়। এর একটি ইতিবাচক দিকও রয়েছে। কারণ দরপতনের সময়ে ভালো অনেক শেয়ার তুলনামূলক কম দামে কেনার সুযোগ তৈরি হয়। পরবর্তী সময়ে বাজারে উত্থান দেখা দিলে এসব শেয়ার বিক্রি করে উল্লেখযোগ্য মুনাফা করা সম্ভব।