ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা

Date: 2026-09-13 18:00:10
ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
ঘোষিত ডিভিডেন্ড নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণে ব্যর্থ হওয়ায় শেয়ারবাজারে তালিকাভুক্ত আফতাব অটোমোবাইলসের চেয়ারম্যান, পরিচালক ও শীর্ষ কর্মকর্তাদের মোট ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।একই সঙ্গে ২০২৪ সালের জুনে সমাপ্ত অর্থবছরের বকেয়া ডিভিডেন্ড বিএসইসির বৃহস্পতিবার জারি করা এনফোর্সমেন্ট আদেশের ৩০ দিনের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে।ডিভিডেন্ডের অর্থ বিতরণ এবং এ-সংক্রান্ত কমপ্লায়েন্স রিপোর্ট দাখিলে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে কোম্পানিটির চেয়ারম্যান, তিন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ও কোম্পানি সচিবের ওপর এ জরিমানা আরোপ করা হয়েছে।বিএসইসির আদেশ অনুযায়ী, আফতাব অটোমোবাইলসের চেয়ারম্যান শফিউল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামকে ৩০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া পরিচালক খালেদা ইসলাম, সাজেদুল ইসলাম ও ফারহানা ইসলামকে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) সাহাদাত হোসেন মিয়াকে ১০ লাখ টাকা এবং কোম্পানি সচিব রাহাত মাহমুদকে ৫ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।

Share this news