Skip to content
Latest stories

Stock news

ঢাকা ব্যাংকের পারপেচুয়াল বন্ডে আবেদন শুরু কাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক লিমিটেডের ২০০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের আবেদন আগামীকাল সকাল ১০টা থেকে শুরু হবে। এ বন্ডে ১৫ জানুয়ারি বেলা ২টা পর্যন্ত আবেদন করা যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৪১তম কমিশন সভায় এ বন্ডের অনুমোদন দেয়া হয়। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ব্যাংকের ২০০ কোটি টাকার আনসিকিউরড, কন্টিনজেন্ট কনভার্টেবল, ফ্লোটিং রেটবিশিষ্ট পারপেচুয়াল বন্ড ইস্যুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিশন। বন্ডটির ১৮০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট ও অবশিষ্ট ২০ কোটি টাকা পারলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিযোগকারী ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে এ বন্ড ইস্যু করা হবে। বন্ডটির কুপন হার হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে। বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা।বন্ড ইস্যুর মাধ্যমে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষ তাদের ব্যাংকের টিয়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। প্রাইভেট প্লেসমেন্ট ও পাবলিক অফারের ক্ষেত্রে এ বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন যথাক্রমে ৫ কোটি টাকা ও ৫ হাজার টাকা। বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। আর ইস্যু ম্যানেজার, আন্ডাররাইটার ও অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।২০০০ সালে শেয়ারবাজারে আসা ঢাকা ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৪৯ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ১৪৬ কোটি ৯৭ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৯৪ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ৭৫৪। এর মধ্যে ৪২ দশমিক ৬৫ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৬ দশমিক ৭১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৪০ দশমিক ৬৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play