Skip to content
Latest stories

Stock news

ব্যাংকের বিনিয়োগসীমা ও রাজস্ব নীতি সংস্কারের প্রস্তাব

পুঁজিবাজার-সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন সিইও ফোরামের সঙ্গে গতকাল মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা ও রাজস্ব নীতিসংক্রান্ত কিছু বিষয়ে সংস্কারের দাবি জানান সিইওরা।বিএসইসির পক্ষ থেকে সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন। অন্যদিকে সিইও ফোরামের পক্ষে ইবিএল সিকিউরিটিজ, সিটি ব্রোকারেজ, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, এমটিবি সিকিউরিটিজ, উত্তরা ব্যাংক সিকিউরিটিজ, ইউসিবি স্টক ব্রোকারেজসহ আরো বেশকিছু প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৈঠকে সার্বিক পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা সংক্রান্ত বেশকিছু অসংগতি এবং বিনিয়োগকারীদের করসংক্রান্ত কিছু অসামঞ্জস্যতা বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করে এ বিষয়গুলো সমাধানের জন্য উদ্যোগ নেয়ার জন্য সিইওদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। এর মধ্যে রয়েছে পুঁজিবাজারে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডিয়ারি কোম্পানিকে ঋণ প্রদানের ক্ষেত্রে তুলনামূলক বেশি সঞ্চিতি সংরক্ষণ রাখতে হয়। এতে মূল প্রতিষ্ঠানগুলো সাবসিডিয়ারিগুলোকে তহবিল সরবরাহের ক্ষেত্রে নিরুৎসাহিত হয় এবং এতে সাবসিডিয়ারিগুলোর তারল্য সক্ষমতা কমে যায়। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা করে সমাধানের জন্য সিইওরা কমিশনকে অনুরোধ জানান। অন্যদিকে ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারীদের অনেকেই পুঁজিবাজারে বিনিয়োগের বিপরীতে লাখ লাখ টাকা লভ্যাংশ আয় করেন। কিন্তু বাজেটে মাত্র ৫০ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ আয়কে করমুক্ত রাখা হয়েছে। এর বেশি লভ্যাংশ আয় হলে তাদের অনেক বেশি হারে কর প্রদান করতে হচ্ছে। এক্ষেত্রে উৎসেকর্তন করা করকেই চূড়ান্ত হিসেবে বিবেচনা করার উদ্যোগ নেয়ার জন্য কমিশনকে অনুরোধ জানানো হয়। কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে সিইওদের কাছে লিখিত প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। লিখিত প্রস্তাব পাওয়ার পর এ বিষয়ে বিএসইসির পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে। এছাড়া সভায় পুঁজিবাজারের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে এ মুহূর্তে ফ্লোর প্রাইস প্রত্যাহার করার সুযোগ নেই বলে একমত পোষণ করা হয়।এ বিষয়ে জানতে চাইলে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, সার্বিকভাবে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে সিইওদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা রাজস্বসংক্রান্ত কিছু বিষয় যাতে আগামী বাজেটে বিবেচনা করা হয় সেজন্য উদ্যোগ নিতে আমাদের অনুরোধ জানিয়েছেন। আমরা তাদের কাছে লিখিত প্রস্তাব চেয়েছি। প্রস্তাব পেলে এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play