ব্যাংকে চাকরিতে বড় পরিবর্তন, নিয়োগে আসছে নতুন নিয়ম

Date: 2026-09-08 10:00:04
ব্যাংকে চাকরিতে বড় পরিবর্তন, নিয়োগে আসছে নতুন নিয়ম
দেশের ব্যাংকিং খাতে নিয়োগ ও মানবসম্পদ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং মেধাভিত্তিক প্রক্রিয়া নিশ্চিত করতে নতুন নীতিমালা প্রণয়ন বা বিদ্যমান নীতিমালা হালনাগাদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের সব তফসিলি ব্যাংককে এই নির্দেশনা দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) জারি করা সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের মানবসম্পদ ব্যবস্থাপনায় নিয়োগ, স্থায়ীকরণ, প্রশিক্ষণ, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা, কর্মীদের আচরণবিধি, স্বার্থের সংঘাত এবং অভিযোগ নিষ্পত্তির মতো বিষয়গুলো সুস্পষ্টভাবে নীতিমালায় অন্তর্ভুক্ত করতে হবে।কেন্দ্রীয় ব্যাংকের মতে, ব্যাংকিং খাতে সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করার পাশাপাশি আমানতকারীদের স্বার্থ রক্ষায় স্বচ্ছ ও মেধাভিত্তিক মানবসম্পদ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে প্রতিটি ব্যাংককে যুগোপযোগী, সমন্বিত এবং কার্যকর মানবসম্পদ ব্যবস্থাপনা নীতিমালা তৈরি করে বাস্তবায়ন করতে হবে।নতুন বা হালনাগাদ নীতিমালায় স্থায়ী ও অস্থায়ী নিয়োগ, শিক্ষানবিশকাল, চাকরিতে স্থায়ীকরণ, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, বেতন-ভাতা, কর্মদক্ষতা মূল্যায়ন, জ্যেষ্ঠতা, পদোন্নতি ও পদাবনমন, পদায়ন ও বদলির নিয়ম অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শীর্ষ নির্বাহী পর্যায়ের কর্মকর্তাদের জন্য উত্তরাধিকার পরিকল্পনাও রাখতে বলা হয়েছে।এ ছাড়া চাকরির অবসান, পদত্যাগ, অবসর, পুনর্নিয়োগ, ছুটি, কর্মস্থলে অনুপস্থিতি, দাপ্তরিক গোপনীয়তা, হুইসেলব্লোয়ার ব্যবস্থা এবং কর্মীদের অভিযোগ ও অসন্তোষ নিরসনের কার্যকর পদ্ধতি নীতিমালায় যুক্ত করতে হবে। কর্মস্থলে হয়রানি প্রতিরোধ এবং স্বার্থের সংঘাত মোকাবিলার বিষয়েও সুস্পষ্ট বিধান রাখার নির্দেশ রয়েছে।

Share this news